
লক্ষ লক্ষ শিক্ষিত বেকার। তাদের হাতে কাজ নেই, বেঁচে থাকার জন্য ন্যূনতম উপার্জনের সুযোগ নেই। আর এই বেকারত্বের ফায়দা লুটছে দেশের সরকার, রাজ্যে রাজ্যে থাকা সরকার আর বেসরকারি শিল্প প্রতিষ্ঠান।
এক দিকে বেসরকারি শিল্প সংস্থায় সস্তায় শ্রমিক নিয়োগ হচ্ছে, শ্রমিকদের উপর নেমে আসছে মালিক শ্রেণির নির্মম শোষণ নিপীড়ন, আবার অন্য দিকে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ একরকম বন্ধ। যেটুকু নিয়োগ সরকার করছে তা বেশির ভাগই চুক্তির ভিত্তিতে এবং বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে। আমাদের রাজ্যেও একই ভাবে বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী ও স্কিম ওয়ার্কার নিয়োগ হয়ে চলেছে এবং এই কাজটা হচ্ছে বিগত সিপিএম-ফ্রন্ট সরকারের সময় থেকেই।
কখনও সিভিক ভলান্টিয়ার, কখনও প্যারা টিচার, ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি), অঙ্গনওয়াড়ি কর্মী আবার কখনও আশাকর্মী। এ ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরে ম্যানেজার থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নীরবে নিয়োগ হচ্ছে চুক্তির ভিত্তিতে। এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা, স্কিম ওয়ার্কাররা শুধুমাত্র সরকারের ন্যূনতম সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত নয়, তাদের উপযুক্ত সামাজিক সম্মানটুকুও দেওয়া হয় না। অনেক সময় তাদের স্থায়ী কর্মীদের থেকেও বেশি পরিশ্রম করতে বাধ্য করা হয়। আশাকর্মী আন্দোলনের তাৎপর্য আমাদের এই পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে।
অনেক বাধা, হয়রানি, হুমকি এমনকি শারীরিক নিগ্রহ উপেক্ষা করে আশাকর্মীরা– বেতন বৃদ্ধি, বকেয়া পাওনা, মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কাজের সময় নির্দিষ্ট করা, সপ্তাহে এক দিন ছুটি সহ নয় দফা দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন।
এই আন্দোলন জয়যুক্ত হলে তা শুধু আশাকর্মীদের দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সামগ্রিক ভাবে সরকারের সমস্ত দপ্তরে কাজ করা চুক্তিভিত্তিক কর্মী ও স্কিম ওর্য়ার্কাররা দিশা পাবেন এবং একই ভাবে দেশের অন্যান্য প্রদেশের চুক্তিভিত্তিক কর্মী ও স্কিম ওর্য়ার্কারদেরও পথ দেখাবে। আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের দৃষ্টান্ত স্থাপন হবে। আর এটাই সরকারকে, শাসক শ্রেণিকে আতঙ্কিত করে তুলেছে। তাই তারা আন্দোলন প্রতিহত করতে সব রকম চেষ্টাই যে করবে তা বলার অপেক্ষা রাখে না।
এই অবস্থায় দেশের সাধারণ নাগরিকদের নৈতিক কর্তব্য আশাকর্মীদের আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন করা এবং আশাকর্মীদের আন্দোলনের পাশে থাকা।
জিশু সামন্ত, হুগলি