
রাজ্যে নির্বাচনে ফলপ্রকাশের পর রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মীদের উপর হামলা, খুন, অফিস তছনছ, দখল, সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ, দোকান লুঠ এবং বিশ্ব জুড়ে শোষিত মানুষের মুক্তি আন্দোলনের পথিকৃৎ লেনিনের মূর্তি ভেঙে ফেলা, মূর্তিতে গেরুয়া রং মাখিয়ে দেওয়া প্রভৃতি ঘটনার প্রতিবাদে ৭ মে এসইউসিআই(কমিউনিস্ট), সিপিআইএমএল-লিবারেশন সহ অন্য কয়েকটি বাম দলের উদ্যোগে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ। লেনিন মূর্তিতে মাল্যদান করেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর পলিটবুরো সদস্য রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআইএমএল-লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চণ্ডীদাস ভট্টাচার্য, দীপঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডল, সিপিআইএমএল-রেড স্টারের সম্পাদক শংকর, সাংবাদিক অর্ক ভাদুডি, নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। বক্তারা সকলেই বলেন, রাজ্যে সরকারের এই পরিবর্তন জনজীবনের কোনও সংকটেরই পরিবর্তন আনবে না। উপরন্তু শোষিত মানুষের রুটি-রুজির উপর আক্রমণ ক্রমাগত বাড়তে থাকবে। বাড়বে সাম্প্রদায়িক বিভাজন। একদিকে সেই আক্রমণের বিরুদ্ধে, অন্য দিকে মহান লেনিন সহ কমিউনিস্ট নেতা ও দেশের মনীষীদের উপর যে কোনও অসম্মানের বিরুদ্ধে সংগঠিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাঁরা আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর পলিটবুরো সদস্য সৌমেন বসু, অমিতাভ চ্যাটার্জী, সিপিআইএমএল-লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।