
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার লক্ষ্যকে সামনে রেখে ৮ মার্চ এসইউসিআই (কমিউনিস্ট)-এর মালদা জেলা অফিসের উদ্বোধন হয় শহরের বুড়াবুড়িতলা এলাকায়। উদ্বোধন করেন দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ কুণ্ডু, রাজ্য কমিটির সদস্য জৈমিনী বর্মন এবং দলের সাংগঠনিক জেলা সম্পাদক গৌতম সরকার সহ কয়েকশো কর্মী-সমর্থক।
প্রধান বক্তা চণ্ডীদাস ভট্টাচার্য জনসাধারণের স্বার্থে সংগ্রামী বামপন্থাকে শক্তিশালী করার আহ্বান জানান। সঠিক নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমেই যে একমাত্র দাবি আদায় হতে পারে তা তুলে ধরেন তিনি। ভোটার তালিকায় সমস্ত বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানান তিনি। মার্কিন-ইজরায়েল জোটের হামলার বিরুদ্ধেও তিনি সরব হন। এই সমাবেশে কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।