
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম স্মরণ বার্ষিকী উপলক্ষে কমসোমল পরিচালিত শিশু-কিশোর সম্মিলনী প্রস্তুতি কমিটির পক্ষ থেকে দু’দিনের শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি সুধীর হাইস্কুলে। ১৪-১৫ ফেব্রুয়ারি দেড় শতাধিক শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, মূকাভিনয়, পিটি ও দেওয়াল পত্রিকা, পোস্টার লিখন প্রতিযোগিতায় অংশ নেয়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখানো হয় ‘অঙ্ক কি কঠিন’ সিনেমা।
সমাপনী সভায় শিশু-কিশোরদের সুস্থ শরীর, সুন্দর মনন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করেন এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অনুরূপা দাস। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কমরেড তুষার জানা এবং কমসোমল রাজ্য সাংগঠনিক কমিটির যুগ্ম কনভেনর কমরেড শুভেন্দু মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কৈশোরকে প্রস্ফূটিত করে যথার্থ মানুষে বিকশিত হওয়ার জন্য এ দেশের মনীষী ও বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। মোবাইল ও অপসংস্কৃতির বিপরীতে এমন চর্চা-প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
‘শিশু-কিশোর সম্মিলনী, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি’ গঠিত হয়। কুমকুম জানা ও শুভঙ্কর ঘাঁটিকে যুগ্ম সম্পাদক করে ১৯ জনের জেলা কমিটি গঠিত হয়।