
দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ৯০ দিন পূর্তি উপলক্ষে আজ নবান্নে ৩২৫ জন বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস কর্মীকে ‘লোকতন্ত্র সেনানী’ নাম দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং তাঁদের মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এঁরা নাকি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার জন্য কাজ করেছেন। অথচ ইতিহাস বলে আরএসএস নেতারা অনেকেই মুচলেকা দিয়ে নিজেদের মুক্তি চেয়েছেন। এমনকি জেলে অন্যান্য দলের কর্মীরা মুচলেকা দিতে রাজি না হলেও আরএসএস-এর কর্মীরা দলে দলে সরকারের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছেন। সে সময়ের সংবাদপত্র ও ইতিহাসের পাতায় তা নথিভুক্ত আছে।
তা ছাড়া আজ বিজেপি সরকার সারা ভারতে যে ভাবে গণতন্ত্র হত্যা করছে তা অঘোষিত জরুরি অবস্থা ছাড়া কিছু নয়। জনগণের করের টাকায় তাদেরই ‘লোকতন্ত্র সেনানী’ নাম দিয়ে পুরস্কার পাইয়ে দেওয়া গণতন্ত্রের পক্ষে চরম লজ্জার। আমরা সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি।