Breaking News

বিজেপির জাতীয় শিক্ষানীতির স্বরূপ দেখিয়ে দিচ্ছে রাজ্যে রাজ্যে ছাত্র আন্দোলন

দিল্লির ঐতিহাসিক ছাত্র-যুব আন্দোলনের পর, সাহসের সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞ ভাবে আন্দোলন চালিয়ে গেলে যে, দাবি আদায় করা সম্ভব, এই সত্য উপলব্ধি করে এখন দেশের বিভিন্ন রাজ্যের স্কুল পড়ুয়া শিশু-কিশোররাও তাদের স্কুলের সমস্যা নিয়ে একের পর এক দুর্বার আন্দোলন গড়ে তুলছে। বিহারের ছাত্র আন্দোলনে ছ’বছরের শিশু আদিত্যর নির্ভীক অংশগ্রহণ ও স্পষ্ট বাচনভঙ্গি দেখে দেশবাসী বিস্মিত। দিল্লির আন্দোলনরত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংবাদমাধ্যমে নাম দেওয়া হয়েছে ‘জেন জেড’ বা ‘জেন জি’ এবং স্কুল ছাত্রছাত্রীদের আন্দোলনকে বলা হচ্ছে ‘জেন আলফা’র আন্দোলন। মধ্যপ্রদেশেও স্কুল পড়ুয়া এবং বিশেষত ছাত্রীরা বিভিন্ন স্কুলে গড়ে তুলছে একের পর এক আন্দোলন এবং বহু ক্ষেত্রে দাবি আদায় করে সে সব আন্দোলন বিজয়ীও হচ্ছে।

সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মধ্যপ্রদেশ সরকার রাজ্যের ৫০ শতাংশ স্কুল বন্ধ করে দিতে চায়। তাই আট-দশটি স্কুল তুলে দিয়ে সেই সব স্কুলের ছাত্রছাত্রীদের দূরবর্তী কোনও স্কুলে পাঠিয়ে দিতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই এর ফলে বিশেষত বিপুল সংখ্যক ছাত্রীর পড়াশুনো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অভিভাবকরা খরচ এবং নিরাপত্তার কারণে অনেক দূরবর্তী অচেনা জায়গায় মেয়েদের পাঠাতে চাইছেন না। যাঁদের সামর্থ আছে তাঁরা সরকারি স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে কাছাকাছি বেসরকারি স্কুলে সন্তানদের ভর্তি করছেন। আর অধিকাংশ, যাঁদের আর্থিক সামর্থ নেই, তাঁদের সন্তানদের পড়াশুনোই ছাড়িয়ে দিতে হচ্ছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাছে সরাফা গ্রামের মহারানি লক্ষ্মীবাঈ গভর্নমেন্ট গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলকে এই রকমভাবেই ছয় কিলোমিটার দূরে দাউদখেড়ি গ্রামের একটি স্কুলের সঙ্গে যুক্ত করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রদেশ শিক্ষা দপ্তর। কিন্তু প্রতিবাদে রুখে দাঁড়ায় ছাত্রীরাই। ১৪ আগস্ট প্রায় ৩০০ ছাত্রী উজ্জয়িনীর কালেক্টরেট অফিস অভিযান করে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। তাদের নাছোড় আন্দোলনের চাপে স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

১৩ জুলাই ছিন্দওয়ারা জেলার জঙ্গলমহল তামিয়া তহসিলের অন্তর্গত একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের ছাত্ররা প্রবল বৃষ্টির মধ্যেও স্কুলের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায় তাদের অত্যন্ত নিম্নমানের পোকাধরা খাবার দেওয়ার প্রতিবাদে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ছত্তরপুর জেলার চান্ডলা এলাকার প্রাইমারি এবং মিডল স্কুলের ছাত্ররা আন্দোলনে সামিল হয়েছিল স্কুলের সামনে রাস্তা সারাই এবং স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে। ছত্তরপুরের মহারাজপুর তহশিলের স্কুলছাত্ররাও তাদের অভিভাবকদের সঙ্গে নিয়েই দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ মিছিল করে তাদের স্কুলের সামনে একটি নালার সংস্কার ও তার ওপর সেতু নির্মাণের দাবি আদায় করে এনেছে। এই আন্দোলনগুলির ধারাবাহিকতায় মধ্যপ্রদেশে গড়ে উঠেছে ‘স্কুল বাঁচাও সংঘর্ষ সমিতি’।

উত্তরপ্রদেশেও বিভিন্ন জায়গায় স্কুল ছাত্ররা আন্দোলনে নেমেছে। রাজধানী লক্ষ্ণৌয়ের জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও স্কুলে শূন্যপদে শিক্ষিকা নিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিশাল মিছিল সংগঠিত করেছে। রাজস্থানের আলওয়ার এবং বারমের জেলা ও বিহারের গয়া জেলাতেও স্কুলছাত্ররা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলেছে। অতীতের কংগ্রেস ও বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলো দীর্ঘদিন ধরেই পুঁজিপতিশ্রেণির শিক্ষাব্যবসার পথ সুগম করার জন্য এবং সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের কাছ থেকে ন্যূনতম শিক্ষার আলোটুকুও কেড়ে নেওয়ার উদ্দেশ্যে একটার পর একটা সুচতুর পদক্ষেপ করে সরকারি স্কুল শিক্ষাব্যবস্থাটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে।

বিজেপি সরকার ২০২০-তে যে জাতীয় শিক্ষানীতি এনেছে তার ফলে স্কুল থেকে শুরু করে উচ্চস্তর পর্যন্ত প্রকৃত শিক্ষা পুরোপুরি ধ্বংস হবে। শিক্ষা হবে কেবলমাত্র পুঁজিপতিদের লাভজনক ব্যবসা, তাদের প্রয়োজনীয় কারিগর তৈরির কর্মসূচি। এই নীতি যেখানেই চালু হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ছে।

আজকের কিশোর-কিশোরী স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে সাহসের সাথে একের পর এক আন্দোলন গড়ে তুলছে তা অত্যন্ত আশাপ্রদ। শিক্ষা সহ জনজীবনের ওপর আক্রমণের বিরুদ্ধে সমাজে যে বিক্ষোভ ধূমায়িত হচ্ছে তার বহিঃপ্রকাশ ঘটছে একটার পর একটা আন্দোলনে। ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও রাস্তায় নামছেন। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনগুলো যথার্থ সংগ্রামী ছাত্রসংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী দীর্ঘস্থায়ী শিক্ষা আন্দোলন গড়ে তুলতে পারলে, সরকার বাধ্য হবে শিক্ষাকে বেসরকারি হাতে বেচে দেওয়া ও সাধারণ ঘরের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যথার্থ শিক্ষা কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধ করতে।