Breaking News

বিএসএফ-এর জুলুমবাজি, হেমতাবাদে কৃষক বিক্ষোভ

উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ ব্লকে চৈনগর অঞ্চলের মাকরহাট বিওপি-র অর্ন্তগত মাকরহাট ও মহিশাগাঁও গ্রামের কৃষকরা বিএসএফ-এর অন্যায় ভাবে ফসল তুলে ফেলে দেওয়া, জুলুমবাজি, বিএসএফ কর্তৃক গ্রামবাসীদের বেগার খাটানোর প্রতিবাদে এবং বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে বর্ডার এলাকার গ্রামের মানুষদের জন্য বিকল্প রাস্তার দাবিতে এআইকেকেএমএস-এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে গণডেপুটেশন দেন। বিএসএফ কৃষকদের ফসল তুলে ফেলে দেওয়ার ফলে তাঁদের সারা বছরের খাদ্যের সংস্থান ধ্বংস হয়ে গেছে।

সভায় কৃষকরা কান্নায় ভেঙে পড়েন। জেলা এ আই কে কে এম এস নেতৃত্বের তৎপরতায় প্রশাসন ফসল নষ্ট করে দেওয়া বন্ধ করতে বিএসএফ-কে চাপ দেয়। আপাতত কৃষকের ফসল রক্ষা পেলেও বিঘার পর বিঘা ফসল নষ্ট করে দেওয়ায় বহু কৃষক রুটি-রুজির সঙ্কটে পড়বেন। আগামী ২৮ জানুয়ারি কৃষকরা রাজ্যপালের সঙ্গে দেখা করে এই জুলুম বন্ধের দাবি জানাবেন।