বাধ্যতামূলক যোগদিবস পালন ও স্মার্ট মিটার চালুর বিরোধিতা

সরকারি কর্মচারীদের ২১ জুন বাধ্যতামূলকভাবে যোগদিবস পালন এবং স্মার্ট মিটার লাগানোর যে নির্দেশিকা রাজ্য সরকার জারি করেছে সে বিষয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ জুন এক বিবৃতিতে বলেন,

সরকারি, আধাসরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর রাজ্য সরকার যে ভাবে একের পর এক নির্দেশিকা জারি করছে ও বাধ্যতামূলকভাবে তা পালন করতে বলছে তা বিস্ময়কর। প্রথমত, যোগদিবস পালন বাস্তবে একটি আরএসএস অ্যাজেন্ডা। কেন্দে্রর বর্তমান মোদি সরকার তাকে সরকারি অনুষ্ঠানে পরিণত করেছে। এ রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি তাকেই রূপায়ণ করছে। স্বাস্থ্যের কারণে অনেকেই যোগাভ্যাস করেন, কিন্তু একদিন একটি বিশেষ সময় তা বাধ্যতামূলক করার মধ্যে কোনও যৌক্তিকতা নেই। স্বেচ্ছায় যাঁরা করবেন তাঁরা করতে পারেন।

অন্য দিকে বিদ্যুতের স্মার্ট মিটার সরকারি কর্মীদের বাড়িতে লাগাতেই হবে এবং তা সুনিশ্চিত করার জন্য এমন ধরনের কর্মীদের তথ্যভাণ্ডার তৈরির জন্য নির্দেশিকা জারি করা হচ্ছে। আমরা আগেই দেখিয়েছি, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বিরোধী দলে থেকে স্মার্ট মিটার লাগানোর প্রবল বিরোধিতা করে সরকারি ক্ষমতায় এসেই ঠিক উল্টো কাজটি করছেন। আমরা বরাবর স্মার্ট মিটার চালুর তীব্র বিরোধিতা করেছি এবং সরকারের তরফ থেকে এই জোরজবরদস্তির তীব্র নিন্দা করছি।