
নির্বাচন পরবর্তী সময়ে কোথাও লেনিনের মূর্তি, কোথাও সিদো-কানহুর মূর্তি ভাঙার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ৯ মে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দুষ্কৃতীরা লেনিনের মূর্তি ভেঙে তাতে বিজেপির পতাকা জড়িয়ে দেয়। ইতিপূর্বে মুর্শিদাবাদের জিয়াগঞ্জেও লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। এর প্রতিবাদে ১০ মে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে। নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী সহ অন্যান্যরা।
মূর্তি ভাঙা এবং রাজ্য জুড়ে হিংসা সন্ত্রাস খুন রাহাজানি বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসে যুক্তদের শাস্তির দাবিতে ১৩ মে তমলুকের হাসপাতাল মোড়ে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা ও মিছিল সংগঠিত করে এস ইউ সি আই (সি)। নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, সম্প্রতি বনগাঁয় কৃষক আন্দোলনের স্মারক ভাঙা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এই হামলার তীব্র নিন্দা করেন তাঁরা।