Breaking News

চমক থাকলেও রাজ্য বাজেট জনস্বার্থবাহী নয়–এস ইউ সি আই (কমিউনিস্ট)

রাজ্য বাজেট সম্পর্কে এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ জুন এক বিবৃতিতে বলেন,

২০২৬-২৭ সালের রাজ্য বাজেটে কেন্দ্রীয় সরকার ও তার অনুদান নির্ভরতা অত্যন্ত প্রকট। বাজেটে সেবা শক্তি, জ্ঞান শক্তি, জীবন শক্তি, শিল্প শক্তি প্রভৃতি কিছু অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে যা এ ক্ষেত্রে প্রচলিত নয়। চমকদার এবং উন্নয়নমুখী হিসেবে দেখানোর প্রচেষ্টা থাকলেও সার্বিক ভাবে এই বাজেট জনবিরোধী। এই বাজেটের বিশেষত্বগুলি হল–

১)     পরিকাঠামোগত দীর্ঘমেয়াদি উন্নয়নের চেয়ে বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। ৫০০০ কোটি টাকার শিল্প ইনসেনটিভ ছাড়াও উদ্যোগপতিদের স্বার্থে ফ্রি লোন, সাবসিডি, জমি অধিগ্রহণকে সরল করার নামে ল্যান্ড সিলিং তুলে দেওয়া ইত্যাদির মধ্যে দিয়ে কর্পোরেটমুখী তথাকথিত শিল্পায়ন হতে পারে, শ্রমনিবিড় শিল্প স্থাপন হবে না, ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে না।

২)    সরকারি স্তরে ১ লক্ষ শূন্যপদ পূরণ, যার মধ্যে শিক্ষা ক্ষেত্রে ৫০,০০০ অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা হয়নি। যদিও স্কুলস্তরেই আড়াই লাখের বেশি শিক্ষকপদ শূন্য।

৩)    ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হলেও কেন্দ্রের সঙ্গে সমান হল না, এখনও ২২ শতাংশ ফারাক থেকে গেল, কর্মীদের আরও এক বছর অপেক্ষা করতে বলা হল।

৪)     আশা, অঙ্গনওয়াডি, মিড ডে মিল কর্মীদের ভাতা বাড়লেও সরকারি কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি দেওয়ার এবং ন্যূনতম স্থায়ী বেতন কাঠামোর দীর্ঘদিনের দাবিটি অপূরিত। চুক্তিভিত্তিক ও অস্থায়ী নিয়োগের নীতির পরিবর্তন হয়নি।

৫)    শিক্ষা ও স্বাস্থ্য খাতে যা সামান্য বৃদ্ধি করা হয়েছে, মুদ্রাস্ফীতি বিচার করলে বাস্তবে প্রকৃত বৃদ্ধি খুবই কম। স্কুল-কলেজের গবেষণাগার, লাইব্রে্ররি বা হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বেড বৃদ্ধির মতো স্থায়ী পরিকাঠামোগত উন্নয়নে বাজেট বরাদ্দ কম। বিদেশি বিশ্ববিদ্যালয় স্থাপন করার মাধ্যমে শিক্ষায় সরাসরি বৈদেশিক বিনিয়োগের রাস্তা সুগম করা হয়েছে। ৪টি নবোদয় বিদ্যালয় হবে, বাকি স্কুলগুলির অবস্থা কী হবে তা পরিষ্কার নয়। মেডিকেল হাব তৈরি হবে বেসরকারি মালিকদের সঙ্গে। ছাত্রী স্কুল-ছুট বন্ধের উদ্দেশ্যে স্নাতক স্তরে ভর্তি হলে অবিবাহিত ছাত্রীদের ৫০ হাজার টাকা এককালীন অনুদান দেওয়ার কথা বলা হয়েছে। এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং এটা স্কুল-ছুট বন্ধের উপায় হতে পারে না।

৬)    বন্ধ চা-বাগান খোলার কোনও কথা নেই। কৃষিক্ষেত্রের দুরবস্থার কোনও উল্লেখ নেই।

৭)    প্রকৃতিনির্ভর প্রযুক্তির কথা বলে সুন্দরবনে কংক্রিট নদীবাঁধ তৈরির দীর্ঘদিনের দাবি অস্বীকার করা হয়েছে।

৮)    একটি ধর্মনিরপেক্ষ দেশে মঠ মিশনের উন্নতির জন্য কেন ৩০০০ কোটি টাকা খরচ করা হবে, কেন স্বাধীনতা আন্দোলন বিরোধী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হবে ও তাঁর ১২৫ ফুট মূর্তি বসানো হবে তা পরিষ্কার নয়।