
রাজ্যে সরকার পরিবর্তনের পরেই মোটরভ্যান চালকদের উপর আক্রমণ নেমে এসেছে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে। জাতীয় সড়ক ও প্রধান সড়কে আরটিও দপ্তরের পক্ষ থেকে মোটরভ্যান চালকদের ধরপাকড় শুরু হয়েছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও ভ্যান ধরে থানায় আটকে রাখা হচ্ছে। এই আক্রমণ বন্ধ করার দাবিতে ১৭ জুন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মোটর ভ্যান চালক কৃষ্ণনগর পল্লীশ্রী ময়দানে সমবেত হন। সেখান থেকে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক দাসের নেতৃত্বে মিছিল করে মোটর ভ্যান চালকরা আরটিও দপ্তরে পৌঁছন। মিছিলে বিপুল সংখ্যক ভ্যানচালকের অংশগ্রহণের ফলে বেশ কিছু সময় শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়।
চার জনের প্রতিনিধি দল আরটিও দপ্তরে এবং এসপি দপ্তরে ডেপুটেশন দেন। মোটরভ্যান চালকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে আরটিও কথা দেন এবং পুলিশি হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দেন।