Breaking News

এআইডিএসও প্রতিষ্ঠা দিবসে  জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি

২৮ ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হল ছাত্র সংগঠন এআইডিএসও-র ৭২তম প্রতিষ্ঠা দিবস। কলকাতার কেন্দ্রীয় অফিসে রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মণিশঙ্কর পট্টনায়ক এবং বক্তব্য রাখেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম সম্পাদক সমর মাহাতো।

রাজ্যের সমস্ত জেলা সদর এবং প্রত্যেকটি ব্লকে প্রতিবাদী ছাত্রমিছিল, সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়। কলকাতার থিওসোফিক্যাল সোসাইটি হলে কলকাতা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম সম্পাদক সমর মাহাতো। মূল আলোচক সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘শিক্ষার কেন্দ্রীকরণের ব্লু-প্রিন্ট হেকি-ভিবিএসএ বিল বাতিল, উন্নাও-এর নির্যাতিতার বিচার, দোষী বিজেপি নেতার শাস্তি, আরাবল্লী পর্বতমালা পরিবেশ ধবংসকারী কর্পোরেট হাঙরদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে ও সরকারি শিক্ষা বাঁচানোর আন্দোলন তীব্রতর করতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে রাজ্যব্যাপী আরও প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।’

বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল। উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা জেলা সভাপতি পিন্টু দাস, সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য জেলা নেতৃত্ব।