Breaking News

ইরানে মার্কিন-ইজরায়েল সাম্রাজ্যবাদী জোটের বর্বরোচিত হামলা দেশ জুড়ে প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

১ মার্চ কলকাতায় বিক্ষোভ মিছিলে ট্রাম্প ও নেতানিয়াহুর কুশপুতুলে আগুন দিচ্ছেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু।

সার্বভৌম ইরানের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে মার্কিন-ইজরায়েল জোট। ইরানের শাসক খামেনেই সহ অসংখ্য নারী-শিশুর নির্বিচারে মৃত্যু হচ্ছে মিসাইল আক্রমণে। এর প্রতিবাদে ১ মার্চ দেশ জুড়ে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই (সি)। কলকাতায় এসপ্ল্যানেডে লেনিন মূর্তির সামনে থেকে মার্কিন দূতাবাসের কাছে পৌঁছয় বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশোক সামন্ত বলেন, ‘দেশে দেশে গণতন্ত্রকে হত্যা করছে মার্কিন সাম্রাজ্যবাদ। গাজায় হাজার হাজার শিশু সহ গণহত্যা চালিয়েছে ইজরায়েলের ইহুদিবাদী নেতারা। ভারত সাম্রাজ্যবাদ-বিরোধী দেশ হিসেবে পরিচিত ছিল। নেতাজি সুভাষচন্দ্রের মতো ব্যক্তিত্ব এ দেশে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। সেই দেশের প্রধানমন্ত্রী আজ মার্কিন সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি করছেন। ইজরায়েলের গণহত্যাকারী ইহুদিবাদী নেতাকে ‘সন্ত্রাসবিরোধী নেতা’ আখ্যা দিচ্ছেন। আমরা একে তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। এর বিরুদ্ধে তীব্র জঙ্গি শান্তি আন্দোলনে শামিল হতে দেশের মানুষকে আহ্বান জানাই।’ এর পর ট্রাম্প ও নেতানিয়াহুর কুশপুতুলে অগ্নিসংযোগ করেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেডস সুব্রত গৌড়ী ও নভেন্দু পাল সহ অন্য নেতৃবৃন্দ।

ত্রিপুরাঃ এ দিন ত্রিপুরার আগরতলায় বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক। তিনি অবিলম্বে ইরানের উপর হামলা বন্ধের দাবিতে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

গণদাবী ৭৮ বর্ষ ৩০ সংখ্যা ৬ মার্চ ২০২৬