Breaking News

আশাকর্মীদের কর্মবিরতিতে সংহতি জ্ঞাপন

এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্র্যাক্টচুয়াল) ইউনিয়নের নেতৃত্বে রাজ্যের গ্রাম ও শহরে হাজার হাজার আশাকর্মী ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

১৫ হাজার টাকা মাসিক ভাতা, চার মাসের বকেয়া বেতন মেটানো, ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করা সহ বেশ কিছু দাবিতে লাগাতার এই কর্মবিরতি গণআন্দোলনের ময়দানে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নানা বিরুদ্ধতা, আর্থিক ক্ষতি স্বীকার ও প্রশাসনিক চাপ উপেক্ষা করে যে ভাবে কর্মীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয় শুধু নয়, তাঁদের হার না মানা দৃঢ় মনোভাবেরও প্রতিফলন। দু-সপ্তাহের বেশি কর্মবিরতি চললেও রাজ্য সরকার আন্দোলনকারী সংগঠনগুলির সাথে কোনও রকম আলোচনায় না বসে চরম অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়ে চলেছে। গ্রামীণ ও পৌর স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলনের প্রতি রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর সংগঠন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার ছাড়াও সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটি, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নও সংহতি জানিয়ে আন্দোলনের পাশে দাঁড়ানোর ও সব রকমের সহযোগিতার কথা ঘোষণা করেছে।