
অস্বাভাবিক রেজিস্টে্রশন ফি, রিনিউয়াল ফি, ফাইন ও অযৌক্তিক বিধিনিষেধের বিরুদ্ধে এবং ১২ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত, সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের পক্ষ থেকে দুই হাজারের বেশি চালক ১৮ ডিসেম্বর পরিবহণ মন্ত্রীর কাছে ডেপুটেশন দেন। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত শ্রমিকদের একটি সংক্ষিপ্ত সভা হয়। এরপর এক সুসজ্জিত দৃপ্ত মিছিল এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছায়।
সেখানে ইউনিয়নের রাজ্য সভাপতি অংশুধর মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, টোটো চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল রাম, সহ সভাপতিমণ্ডলীর সদস্য তপন দাস, পূর্ণ চন্দ্র মণ্ডল, সোলেমান মিয়া প্রমুখ। পাঁচ জনের এক প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিক ২২ ডিসেম্বর পুনরায় বৈঠকে বসার কথা জানিয়েছেন।