Breaking News

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বদলি বিলঃ শিক্ষাসংহারের সরকারি নকশা

১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল, ’২৬’ পাশ হয়েছে। পূর্বতন তৃণমূল সরকার ২০১৭ সালে যে শিক্ষা আইন প্রণয়ন করেছিল, তা ছিল সর্বাঙ্গীনভাবে জনস্বার্থবিরোধী এবং বিশ্ববিদ্যালয়ের স্বশাসন খর্ব করার একটি নীলনকশা। বিজেপি সরকার সে আইন বাতিল তো করেইনি, বরং তৃণমূলের দেখানো পথেই সেই আইন প্রয়োগ করেছে। এবার শিক্ষকদের উপর আরও সরকারি নিয়ন্ত্রণ কায়েমের জন্য সেই আইনেরই সংশোধনী এসেছে। বিলটি কার্যকর হলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করার ক্ষমতা সরকার পাবে। সরকারের যুক্তি, এর মাধ্যমে নাকি অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের অপেক্ষাকৃত দুর্বল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে শিক্ষার মান উন্নত করা যাবে।

রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় একটি পৃথক স্বশাসিত প্রতিষ্ঠান। প্রত্যেকের নিজস্ব আইন, নিয়োগব্যবস্থা, অনুমোদিত পদ এবং পরিচালনা-কর্তৃপক্ষ রয়েছে। একজন শিক্ষক যে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হন, সেই বিশ্ববিদ্যালয়ই তাঁর নিয়োগকর্তা। তাঁরা সরকারি দপ্তরের কর্মচারী নন, যাঁদের প্রয়োজন অনুযায়ী এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করা যায়। এই বদলি শুধু কর্মস্থল পরিবর্তনের বিষয় নয়। এর সঙ্গে একজন শিক্ষক বা কর্মীর চাকরির শর্ত, পদ, বেতন, সিনিয়রিটি, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং সংরক্ষণ ব্যবস্থার প্রশ্ন জড়িত। যে শর্তে একজন শিক্ষক চাকরিতে যোগ দিয়েছেন, পরে সেই চাকরির মৌলিক কাঠামো বদলে দিয়ে তাঁকে অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো কতটা ন্যায়সঙ্গত, সেই প্রশ্নও স্বাভাবিকভাবেই উঠছে।

শিক্ষার উন্নতির আসল সমস্যাগুলি কি এই বদলি-আইন দিয়ে সমাধান করা যাবে? সরকার শিক্ষার উন্নয়ন চাইলে শিক্ষা খাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধি করত, ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্লাসরুম সহ ভেঙে পড়া পরিকাঠামোর উন্নয়নে ব্যবস্থা নিত, বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে থাকা শত শত শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করত এবং ছাত্র-শিক্ষক অনুপাত অনুযায়ী নিয়মিত নতুন শিক্ষক পদ তৈরি করত। প্রয়োজনীয় সংখ্যক অশিক্ষক কর্মচারীও নিয়োগ করত। উচ্চশিক্ষায় প্রান্তিক অংশের ছাত্র-ছাত্রীদের প্রবেশের সুযোগও সুনিশ্চিত করত। লাগামছাড়া ফি বৃদ্ধি, সেলফ-ফিনান্সিং কোর্স, চার বছরের স্নাতক কোর্স সহ একের পর এক শিক্ষাসংকোচনকারী পদক্ষেপ নিয়ে জাতীয় শিক্ষানীতি (২০২০) চালু করতে অতিসক্রিয় হত না। কর্পোরেট স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিকে গুটিয়ে ফেলার তোড়জোড় করত না। শিক্ষা ও গবেষণার উৎকর্ষের জন্য অপরিহার্য বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বাধীনতাকেও খর্ব করত না।

অন্য দিকে, এই বদলি-ব্যবস্থা চালু হলে গবেষণার উপরেও তার নেতিবাচক প্রভাব পড়বে। একজন শিক্ষক যদি একটি গবেষণা প্রকল্পের দায়িত্বে থাকেন এবং তাঁর অধীনে গবেষক-ছাত্ররা কাজ করেন, তাঁকে অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে সেই কাজের ধারাবাহিকতা কীভাবে বজায় থাকবে? নতুন বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ল্যাবরেটরি, যন্ত্রপাতি বা গবেষণার সুযোগ থাকবে কি না, তার নিশ্চয়তাই বা কোথায়? গবেষণার জন্য ব্যবহৃত অনেক সরঞ্জাম ও পরিকাঠামো মূল বিশ্ববিদ্যালয়ের সম্পদ। ফলে শিক্ষক বদলির অভিঘাত শুধু কর্মস্থল পরিবর্তনে সীমাবদ্ধ থাকবে না, তাঁর তত্ত্বাবধানে চলা গবেষণা প্রকল্প ব্যাহত হবে, গবেষক-ছাত্রদের কাজ অনিশ্চিত হয়ে পড়বে এবং বহু বছরের গবেষণার ধারাবাহিকতা নষ্ট হবে।

তাই আন্তঃবিশ্ববিদ্যালয় বদলিকে শিক্ষার উৎকর্ষের উপায় হিসেবে সরকার যেভাবে দেখাতে চাইছে, তা চূড়ান্ত বিভ্রান্তিকর। বদলি করলে রাজ্যে শিক্ষকসংখ্যা বাড়ে না, এক জায়গার ঘাটতি কমিয়ে অন্য জায়গায় ঘাটতি তৈরি হয়। বিলে মানবসম্পদের সুষম বণ্টন সুনিশ্চিত করার জন্য ‘প্রশাসনিক কারণে’ বদলির যে যুক্তি দেওয়া হয়েছে, সেটিও অসার। কারণ বদলি-ব্যবস্থা ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে যৌথ গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময়, সেমিনার, কর্মশালা এবং অ্যাকাডেমিক সহযোগিতা বহুদিন ধরেই চলে আসছে। শিক্ষার প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন, যেখানে ঘাটতি আছে সেখানে নতুন ও যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি এবং পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা– এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সরিয়ে দেওয়া নয়।

প্রসঙ্গত, গত ১৯ ও ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরকার-আশ্রিত বিজেপি-এবিভিপির সংগঠিত হামলা এবং তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ও ক্যাম্পাসের ভিতরে মুখ্যমন্ত্রী, এবিভিপি এবং বিজেপির নেতা-মন্ত্রীদের অংশগ্রহণে লাগাতার উস্কানিমূলক কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগত রাজনৈতিক সমাবেশ ও শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে ব্যবহার রাজ্যের সাধারণ মানুষ মেনে নেয়নি। এই এবিভিপি সমেত বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে সরকার যারপরনাই নিন্দিত হয়েছে। ব্যাকফুটে থাকা সরকার পরিস্থিতি মোকাবিলায় চরম প্রতিহিংসার পথ বেছে নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে তা স্পষ্ট। তাঁর কথায়, ‘‘হয় ওরা থাকবে, নয় আমরা থাকব। যথেষ্ট হয়েছে। এর মধ্যে আর কিছু থাকবে না।’’ এই ‘ওরা’দের, অর্থাৎ আরএসএস-বিজেপি-এবিভিপির নীতি ও কার্যকলাপের সমালোচক বা ভিন্নমতাবলম্বীদের সংহার করাই এখন বিজেপির রাজনৈতিক অগ্রাধিকার।

এ-রাজ্যের মানুষ বলছে রাজ্য সরকার ও তার পরিচালক বিজেপি চরম রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের ভয় দেখানো ও শাস্তি প্রদানের হুমকি দিতে বদলি-সংক্রান্ত এই বিল বিধানসভায় পাস করিয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি দপ্তরে পরিণত করতে চাইছে। এর ফলে শিক্ষকদের অ্যাকাডেমিক স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়গুলির প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন খর্ব হবে। শিক্ষক যদি মনে করেন যে সরকারের নীতির সমালোচনা বা স্বাধীন মতপ্রকাশ তাঁর বদলির কারণ হতে পারে, তবে তা তাঁর মুক্ত ও অবাধ অ্যাকাডেমিক চর্চার পথে বাধা হবে। যার পরিণামে শিক্ষা ও গবেষণার সৃষ্টিশীলতা ও উৎকর্ষ বিনষ্ট হবে। সমাজ ও সভ্যতার অগ্রগতির পথ রুদ্ধ হবে। উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতা দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা। কিন্তু আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির নজির এ দেশ বা বিদেশেও নেই।

ডবল ইঞ্জিন সরকার শিক্ষার উৎকর্ষের ধুয়া তুলে কর্পোরেট পুঁজির স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিকে ক্রমাগত রুগ্ন করে দিয়ে জনস্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ পরিপূর্ণভাবে কার্যকর করতে নানা দমনমূলক অস্ত্র তৈরি করছে। প্রতিবাদী শিক্ষকদের বেছে বেছে বদলির ভয় দেখানোর সুযোগ তৈরি করা হচ্ছে, ছাত্র আন্দোলন দমনে পুলিশ-প্রশাসন ও সরকারি দল-আশ্রিত বহিরাগত শক্তির ব্যবহার নিয়ে অভিযোগ উঠছে, নেতা-মন্ত্রীরা ক্যাম্পাসের ভিতর ও বাইরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক শক্তিপ্রদর্শনের ক্ষেত্র করে তুলছেন। প্রতিবাদী ছাত্র-শিক্ষকদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া এবং তাঁদের বিরুদ্ধে নানা দমনমূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা এই বৃহত্তর নিয়ন্ত্রণেরই অংশ।

ফলে, এই বিলের সঙ্গে শিক্ষার প্রকৃত উন্নয়ন বা জনস্বার্থের সম্পর্ক নেই। শিক্ষার উৎকর্ষের কথা বলে যে শরীরী ভাষা ও শব্দবন্ধ ব্যবহার করে বিলটি পাশ করানো হয়েছে এবং নেতা-মন্ত্রীদের বক্তব্যে যে আগ্রাসী মনোভাব প্রকাশ পেয়েছে, তাতে আশঙ্কা জোরালো হয় যে এই আইন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ‘পানিশমেন্ট ট্রান্সফার’-এর একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠবে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের পরিবর্তে বাধ্যতামূলক কেন্দ্রীভূত বদলি-ব্যবস্থা চালু করে সরকার উচ্চশিক্ষায় সরকারি নিয়ন্ত্রণের এক বিপজ্জনক নজির তৈরি করল।