
ইরানের কমিউনিস্ট পার্টি তুদে, কমিউনিস্ট পার্টি অফ ইজরায়েল এবং কমিউনিস্ট পার্টি অফ ইউএসএ ৬ মার্চ এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর ইজরায়েল-মার্কিন যৌথ হানাদারির তীব্র নিন্দা করে বলেছে– এই যুদ্ধ ইরান সহ সমগ্র এলাকার জনগণের জীবনে আরও বড় বিপর্যয় ডেকে আনবে। এই যুদ্ধের একমাত্র লক্ষ্য এই এলাকা এবং সমগ্র বিশ্বের ওপর আধিপত্য কায়েমের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। এর সাথে কোনও দেশের জনগণের কোনও অংশের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার কোনও সম্পর্কই নেই। ইরান এবং ল্যাটিন আমেরিকাতেও সার্বভৌম দেশের ‘শাসক পরিবর্তনের’ জন্য ট্রাম্প প্রশাসনের অভিলাষ জনগণের স্বাধীনতা এবং মর্যাদাকে ধ্বংস করছে। আন্তর্জাতিক আইন, নিয়ম নীতির কোনও অর্থই যেন আজ আর নেই।
প্যালেস্টাইন, ইরাক, লিবিয়া, সুদান, লেবানন সহ এই অঞ্চলের প্রায় সব দেশের জনগণ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের কবলে। প্রতিক্রিয়াশীল, স্বৈরাচারী শাসকদের হাত থেকে জনগণের মুক্তি ওয়াশিংটন কিংবা তেল আভিভ দেবে না। যথার্থ দেশপ্রেমিক নেতৃত্বের পরিচালনায় সেই দেশের জনগণের সংগ্রামের মধ্য দিয়ে একমাত্র এই মুক্তি মিলতে পারে।
ইজরায়েল-আমেরিকা এই এলাকার সমস্ত দেশের ওপর তাদের দখলদারির উদ্দেশ্যকে আজ প্রকাশ্যেই ঘোষণা করছে। তারা স্বৈরাচারী, একনায়কদের হাত থেকে ইরানের মানুষকে মুক্তি দিতে যুদ্ধ করছে না, করছে শক্তিশালী অঞ্চলিক শক্তি হিসাবে ইরানের অস্তিত্ব মুছে দিতে এবং সেখানে তাদের বশংবদ পুতুল সরকার বসাতে।
আন্তর্জাতিকতাবাদের আদর্শের ভিত্তিতে চলা এই তিনটি দল সমস্ত দেশের মুক্তিকামী ও শান্তিকামী মানুষের কাছে আবেদন জানিয়েছে– এই সংকটের মুহূর্তে যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ভূমিকা নিতে সমস্ত দেশের সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।
