
এআইডিএসও-এর উদ্যোগে ৪ অক্টোবর উত্তরপ্রদেশে এলাহাবাদের সর্দার প্যাটেল সেবা সংস্থানে আইন শিক্ষার্থীদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২২টি রাজ্য থেকে আইন শিক্ষার্থী প্রতিনিধিরা এতে অংশ নেন। মনীষীদের চিন্তাধারা সম্বলিত প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বিনোদ তিওয়ারি। অভ্যর্থনা কমিটির সচিব অ্যাডভোকেট রাজবেন্দ্র সিং উদ্বোধনী ভাষণ দেন।
প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চেলমেশ্বর, সিপিডিআরএস-এর জাতীয় সহ-সভাপতি দ্বারিকানাথ রথ এবং এআইডিএসও-এর সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ। তাঁরা তাঁদের ভাষণে এমন আইন শিক্ষার প্রয়োজনের কথা তুলে ধরেন, যা কেবল শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করবে না, বরং তাদের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা এবং পেশাগত নৈতিকতার বিষয়েও সংবেদনশীল করে তুলবে। সম্মেলনে আইন শিক্ষার্থীদের শিক্ষা, ফি, চাকরি, বৃত্তি, ইন্টার্নশিপ, পরিকাঠামো এবং আইন পেশায় ক্রমবর্ধমান বৈষম্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক আইনজীবী ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। এআইডিএসও-এর জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট রিমি বাঘেলা সম্মেলনে সভাপতিত্ব করেন।