Breaking News

পাঠকের মতামতঃ আরও বিস্তৃত পরিসরে চাই

আপনাদের পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত ‘হিন্দু-মুসলমান সম্পর্কঃ ফিরে দেখা’ লেখাটি মন দিয়ে পড়ছি। এমন একটি স্পর্শকাতর অথচ অত্যন্ত জরুরি বিষয়কে ধারাবাহিক ভাবে আলোচনার জন্য পত্রিকা কর্তৃপক্ষকে প্রথমেই অভিনন্দন জানাই। বর্তমান সময়ে ইতিহাসের নানা অংশকে বেছে নিয়ে যখন ধর্মীয় বিদ্বেষের রাজনৈতিক প্রচার করা হচ্ছে, তখন হিন্দু-মুসলমান সম্পর্কের অতীতকে ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন করে দেখার এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

ধারাবাহিকটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভারতের ইতিহাসকে শুধু সংঘাতের ইতিহাস হিসেবে না দেখে সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত ও সামাজিক জীবনে হিন্দু-মুসলমানের দীর্ঘ সহাবস্থান ও পারস্পরিক আদান প্রদানের দিকটিও সামনে আনা হয়েছে। একই সঙ্গে ঔপনিবেশিক শাসন, জাতীয় আন্দোলন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিকাশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

তবে পাঠক হিসেবে মনে হয়েছে, আরও কয়েকটি দিক যুক্ত হলে আলোচনাটি আরও সমৃদ্ধ হতে পারে।

প্রথমত, বাংলার নবজাগরণের প্রসঙ্গটি আরও গভীরভাবে আলোচিত হওয়া দরকার। উনিশ শতকের বাংলার নবজাগরণে পাশ্চাত্য শিক্ষা, আধুনিক বিজ্ঞানমনস্কতা, নতুন মধ্যবিত্তের উত্থান, ধর্মীয় সংস্কার এবং ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে সংঘাত এ সব কীভাবে বাংলার হিন্দু ও মুসলমান সমাজকে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছিল, তা হিন্দু-মুসলমান সম্পর্কের ইতিহাসের সঙ্গেও যুক্ত। মুসলিম সমাজের অভ্যন্তরের নবচেতনা ও সংস্কার আন্দোলনের ইতিহাসও সমান গুরুত্ব পাওয়া দরকার। হাজি শরিয়তউল্লাহ, দুদু মিয়ার ফরাজি আন্দোলন থেকে আধুনিক শিক্ষার প্রসার, মুসলিম সংবাদপত্র, সাহিত্যচর্চা এবং মুসলিম মধ্যবিত্তের উত্থান, এই বিষয়গুলি নিয়েও আলোচনা হওয়া দরকার।

দ্বিতীয়ত, সাম্প্রদায়িকতার অর্থনৈতিক ভিত্তি নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। হিন্দু-মুসলমান সম্পর্ককে যদি শুধু ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক নেতৃত্ব এবং ব্রিটিশ ষড়যন্তে্রর মধ্য দিয়ে দেখা হয়, তা হলে সাধারণ মানুষের জীবনের অনেকটাই অজানা থেকে যায়। জমিদার-প্রজা সম্পর্ক, মহাজনী শোষণ, ঋণগ্রস্ত কৃষক, সরকারি চাকরি ও শিক্ষায় প্রবেশের অসমতা, ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা, এ সব বাস্তব আর্থ-সামাজিক বিষয় কী ভাবে ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক রূপ নিল, সেটি বিশেষ ভাবে আলোচিত হওয়া দরকার।

তৃতীয়ত, বাংলার নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। সর্বভারতীয় কংগ্রেস ও মুসলিম লিগের পাশাপাশি ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, বেঙ্গল প্যাক্ট, আবুল হাশিম, শরৎ বসু, সোহরাওয়ার্দী এবং যুক্তবঙ্গের চিন্তা, এই ধারাগুলিও আলোচনায় আসুক।

চতুর্থত, সাম্প্রদায়িকতার ইতিহাসের পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যের ইতিহাসও সমান গুরুত্বপূর্ণ। কৃষক, শ্রমিক, ছাত্র, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষের এমন বহু অভিজ্ঞতা রয়েছে। রয়েছে শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে হিন্দু-মুসলমান যৌথ আন্দোলনের কথাও, যেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে শ্রেণি ও সামাজিক স্বার্থ মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এই ইতিহাস সামনে এলে বর্তমান প্রজন্মের কাছে অতীত আরও জীবন্ত হয়ে উঠবে। আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৪৬-৪৭-এর দাঙ্গা, নোয়াখালি, কলকাতা, দেশভাগ এবং উদ্বাস্তু মানুষের অভিজ্ঞতা মূলত লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন, ভয়, বিচ্ছেদ এবং কোথাও কোথাও প্রতিবেশীকে রক্ষা করার গল্প। সেই মানবিক অভিজ্ঞতার আরও বিস্তৃত বিবরণ ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।

পঞ্চমত, এই বিশাল ইতিহাসে নারী, দলিত, আদিবাসী, কৃষক, শ্রমিক, কারিগর ও অন্যান্য প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও বেশি করে যুক্ত হওয়া উচিত। কারণ হিন্দু-মুসলমান সম্পর্ক এমনই কোটি কোটি সাধারণ মানুষের প্রতিদিনের জীবন যাপনের ইতিহাস।

আমার মনে হয়, এই ধারাবাহিকের সবচেয়ে বড় সম্ভাবনা এখানেই। হিন্দু বনাম মুসলমান এই সরল দ্বৈততার বাইরে গিয়ে শ্রেণি, অর্থনীতি, জাতপাত, অঞ্চল, ভাষা ও রাজনৈতিক স্বার্থের জটিল সম্পর্কটিকে সামনে আনা। তাতে লেখাটি শুধু সাম্প্রদায়িকতার অতীত অনুসন্ধান করবে না, বরং সাম্প্রদায়িকতা কেন জন্ম নেয় এবং সাধারণ মানুষ কী ভাবে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে পারবে।

ঋষিতা রায়

আর জি কর মেডিকেল কলেজ, কলকাতা