
২০ আগস্ট কোচবিহার শহরের রামমোহন স্কোয়ারে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কোচবিহার মহকুমা শাখার পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ হয়। এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকায় নাগরিকদের নাম বিচারাধীন রাখা, ট্রাইবুনালের দীর্ঘসূত্রতা এবং নাগরিক পরিষেবা ও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার চক্রান্তের প্রতিবাদে ছিল এই বিক্ষোভ কর্মসূচি। আইনজীবী আসিফ আলমের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল কোচবিহার সদর মহকুমা নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন।
নেতৃবৃন্দের জোরালো যুক্তির সামনে মহকুমা শাসক বলেন, যাঁরা রেশন পাচ্ছেন না, সেই সমস্ত নাগরিকদের বিষয়টি খাদ্য দপ্তরের মাধ্যমে মেটানোর চেষ্টা করবেন।
ট্রাইবুনালের আবেদনগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তি, ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে সকল প্রকৃত নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা, অন্নপূর্ণা ভাণ্ডার ও সরকারি গৃহনির্মাণের আটকে থাকা টাকা দ্রুত দেওয়ার দাবি জানানো হয়। অবস্থানে বক্তব্য রাখেন ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ-এর আহ্বায়ক শিশির সরকার, বিশিষ্ট প্রাবন্ধিক নীহার কুমার হোড়, গণআন্দোলনের বিশিষ্ট নেতা নৃপেন কার্যী, আইনজীবী দিলীপ চন্দ্র বর্মন, মানবাধিকার কর্মী আব্দুর রউফ আমেদ, পূর্ণ চন্দ্র মণ্ডল, অনিল চন্দ্র রায়, বৈশাখী নন্দী সহ অন্যেরা।
শিশির সরকার দ্রুত ট্রাইবুনালের নিষ্পত্তি ও নাগরিক অধিকার নিয়ে শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তুলতে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।