
হাজারে হাজারে বিক্ষুব্ধ মানুষ যখন রুটি-রুজির দাবিতে রাস্তায় নেমে আসে, তখন খুব সহজেই তাদের উপরে লাঠি চালিয়ে বা টিয়ার গ্যাস ছুঁড়ে সেই বিক্ষোভকে ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু শাসক হঠাৎ যদি দেখে সামনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার তরুণ-তরুণী তাকে ভয় পাচ্ছে না, বরং এত দিন ধরে তৈরি করা পরম পবিত্র, অজেয় এবং ঐশ্বরিক ভাবমূর্তির বেলুনটাকে স্রেফ কৌতুকবাণে ফুটো করে দিচ্ছে? সে দিনটা শাসকের পক্ষে বড়ই ভয়ঙ্কর।
বিগত কয়েক মাসে এই দৃশ্যেরই মুখোমুখি হতে হয়েছিল এ দেশের শাসকগোষ্ঠীকে। এজলাস থেকে প্রধান বিচারপতি দেশের বেকার যুবসমাজকে তাচ্ছিল্য করে ‘ককরোচ’ তথা ‘আরশোলা’ বলে দেগে দিয়েছিলেন– যারা নাকি কোনও রকমের কাজ না থাকায় আন্দোলন করে বেড়ায়। শাসকের মুখে নিরন্তর কটু কথা শুনতেই অভ্যস্ত মানুষজন এ বার আর চুপ করে থাকেনি। ডাক উঠেছিল, জগতের সব ককরোচ এক হও। রাতারাতি তৈরি হয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কয়েক ঘণ্টার মধ্যে সেই অবমাননাকর শব্দটি হয়ে উঠল প্রতিবাদের প্রতীক। প্রচারমাধ্যমের সাহায্যে বিগত এক দশক ধরে নির্মিত শাসকের বিভাজনের ভাষ্যটিকে তারা চরম ব্যঙ্গের খোরাক করে তুলল। আন্দোলনের ধাক্কায় পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে শাসকের দাপটের বিরুদ্ধে অবাধ্যতার ইতিহাস বেশ পুরনো। আঠেরো শতাব্দীর ফরাসি রাজতন্ত্র তার রাজকীয় মহিমা হারিয়েছিল অনেকটাই ‘লিবেল’ পত্রিকার কারণে। সেখানে রানি মেরি আঁতোয়ানেত ও রাজা ষোড়শ লুইকে নিয়ে ব্যঙ্গাত্মক লেখা সমাজে আলোড়ন তুলেছিল। সাধারণ শ্রমজীবীদের পোশাক নিয়ে অভিজাতদের তাচ্ছিল্যের ‘স্যাঁ-কুলোত’ (পোশাকহীন মানুষ) শব্দটিকে ফরাসি জনতা বুক পেতে নিজেদের আত্মপরিচয় বানিয়েছিল।
২০২২ সালের শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য ও জ্বালানি সংকটের জেরে রাজাপক্ষে পরিবারের একচ্ছত্র শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র রূপ নেয়। গোটাবায়া রাজাপক্ষেদের শ্রীলঙ্কাকে দেউলিয়া করার ছবি তুলে ধরে ‘গোটা গো হোম’ জাতীয় অসংখ্য ব্যঙ্গচিত্র তৈরি হয়। গাল ফেস গ্রিনে নির্মিত আন্দোলনস্থলে কার্টুনিস্ট ও শিল্পীরা রাজ পরিবারের দুর্নীতিকে বিদ্রুপ করে বিশাল বিশাল দেওয়াল চিত্র তৈরি করেন। নেপালের সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির বিরুদ্ধে জনরোষ এবং জেন-জি প্রতিরোধ নেপালের কার্টুন ক্লাবের শিল্পীরা অনলাইনে তুলে ধরেছিলেন তাদের প্রতিবাদী শিল্পকর্মের মধ্যে দিয়ে। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন এবং পরবর্তী কালে স্বৈরাচারী আওয়ামি সরকারের পতনে দেওয়াল চিত্র ও কার্টুন গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। হেলমেট পরা রাষ্ট্রীয় বাহিনী, আয়নাঘর, দুর্নীতিগ্রস্ত আমলা ও অর্থ পাচারকে বিদ্রুপ করে হাজার হাজার ব্যঙ্গাত্মক ছবি তৈরি হয়। আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে দেগে দেওয়া হলে বাংলাদেশের তরুণ সমাজ ‘আমরা সবাই রাজাকার, বলছে কারা– স্বৈরাচার’ বলে সেই নিন্দাবাদ মাথায় তুলে নেয়। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার লৌহমানবী ভাবমূর্তিটি কৌতুকের হাওয়ার ধাক্কায় টাল খেয়ে যায়।
পিছিয়ে থাকেনি ভারতবর্ষও। মধ্যযুগের ভক্তি আন্দোলনে কবীর রাজক্ষমতার কৃত্রিম পবিত্রতাকে ভেঙে দিতে গেয়ে উঠেছিলেন– যদি স্নান করলেই মুক্তি মিলত, তবে জলে থাকা মাছই আগে মুক্ত হত। উত্তর ভারতের ব্রিটিশ ও মহাজনবিরোধী কৃষক আন্দোলনে তাদের লোকসঙ্গীত বোলিয়ার মূল ভাষা ছিল বিদ্রুপাত্মক। বছরের বাকি দিনগুলো ভূস্বামীদের চাবুকের ভয়ে কুঁকড়ে-থাকা মেহনতি মানুষ চৈত্র সংক্রান্তির গাজনে সঙের নাচ কিংবা কবিগানের আসরে তাদের নামিয়ে আনত রসিকতার পর্যায়ে।
এই জেন-জি আন্দোলনে যুবসমাজ ইতিহাস ও সংস্কৃতির সেই ঐতিহ্যকেই ডিজিটাল মাধ্যমে টেনে এনেছে। সরকার যেখানে আবেদন-নিবেদনের আন্দোলন আশা করেছিল, সেখানে তারা সরকারকে উপহার দিয়েছে এক অপ্রতিরোধ্য অট্টহাসি। কিন্তু গল্প কি এখানেই শেষ? তারুণ্যের এই প্রেরণা-জাগানো সাহস ও সংগ্রামী তেজের আড়ালে থাকা এক কঠিন সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে। প্রতিটা অর্জনের সাথে অবধারিত ভাবেই আসে অর্জনের সীমাবদ্ধতা। আবার সেই সীমাবদ্ধতার কারণ খুঁজে নিয়ে তৈরি হয় পরবর্তী অর্জনের পথ। আজ যখন আন্দোলন কিছুটা ঝিমিয়ে এসেছে, সরকার তখন কী করছে? কোথাও কোনও হইচই না করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে লড়াকু তরুণদের। পুলিশি ফাইলে তৈরি হচ্ছে অপরাধীর তালিকা। ঠিক এখানেই প্রকাশ পায় নেতৃত্বহীন, স্বতঃস্ফূর্ত আন্দোলনের মূল সীমাবদ্ধতা।
শাসককে ব্যঙ্গ করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আর অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার ভিত্তিমূল উপড়ে ফেলা দুটি ভিন্ন বিষয়। জেন-জি আন্দোলনের চাপে একজন মন্ত্রী পদত্যাগ করে অন্য জন আসতে পারেন। কিন্তু মূল পুঁজিবাদী শাসন-শোষণ কাঠামো, শিক্ষার বেসরকারিকরণ এবং অবৈজ্ঞানিক চিন্তাধারার প্রসার একই থেকে যায়। প্রতিবাদের ভাষা যতক্ষণ ক্ষমতার উঁচু তলার দিকে তাক করা থাকে ততক্ষণ তা আন্দোলনের শক্তিশালী হাতিয়ার। কিন্তু এর পেছনে যদি সমাজমুক্তির দিশা ও উন্নত নৈতিকতা না থাকে, তবে সেই ভাষা কালক্রমে পথ হারিয়ে উগ্র নৈরাজ্যবাদ কিংবা আপসকামিতার রূপ নিতে পারে।
বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থার চাপে পিষ্ট হতে থাকা শ্রমিক কৃষক এবং দিশেহারা যুব সমাজের জমানো ক্ষোভ মাঝে মাঝেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। বারবার গর্জে উঠে বলবে, এই পচে যাওয়া ব্যবস্থার আমূল বদল চাই। কিন্তু শুধু রাজপথের এই স্বতঃস্ফূর্ত উত্তাপ একা কখনওই বদল ঘটাতে পারবে না। কারণ শাসক শ্রেণি অত্যন্ত সুসংগঠিত। তাদের হাতে আছে সশস্ত্র সেনাবাহিনী, পুলিশ, আইনি ছক, প্রশাসন এবং শক্তিশালী প্রচারযন্ত্র। সাধারণ মানুষের ক্ষোভ যতই প্রবল হোক, তা যদি সংগঠিত, সুশৃঙ্খল ও নৈতিক বলে বলীয়ান না হয়, কিংবা কার বিরুদ্ধে কেন এই লড়াই– এ সব প্রশ্নে স্পষ্ট দিশা না থাকে, তবে রাষ্ট্র খুব সহজেই এক এক করে আন্দোলনকারীদের গ্রেফতার করে বা অন্য কোনও উপায়ে আন্দোলন ভেঙে দেয়। তারা জনগণের ঘাম-রক্তে গড়ে তোলা আন্দোলন হাইজ্যাক করে স্রেফ মুখবদল বা কয়েকটা সাময়িক সংস্কারের আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দেয়। শোষণের পুরনো কাঠামোটাই থেকে যায়, কেবল শাসকের চেয়ারের লোকটা বদলে যায়। কেবল মার্ক্সবাদ-লেনিনবাদের আদর্শে বলীয়ান এবং মার্ক্সবাদী বিজ্ঞানকে যথাযথ প্রয়োগ করতে পারার মতো একটি সংগঠিত শক্তিই এই সুসংগঠিত শোষণব্যবস্থার যথাযথ মোকাবিলা করতে পারে।
সঠিক তত্ত্ব, শৃঙ্খলা এবং সঠিক পথ নিয়ে যতক্ষণ না একটি সঠিক বিপ্লবী পার্টি লড়াইয়ের হাল ধরছে, ততক্ষণ জনরোষের এই প্রকাণ্ড জোয়ার বারবার আসবে, বারবার দিক হারাবে। বিক্ষোভের আগুন জ্বলে উঠে আবার এক সময় থিতিয়ে আসবে। দিনশেষে বুর্জোয়া প্রতিক্রিয়াশীল শক্তি সেই সুযোগে দমনমূলক আইনগুলিকে আরও কড়া করবে। বিশ্বের কোথাও কখনও একটি সঠিক বিপ্লবী পার্টির দিকনির্দেশনা ছাড়াই একটি বিপ্লব সফল হয়ে গেছে, এমন হয়নি।
আজকের এই সংকটময় সামাজিক পরিস্থিতিকে স্রেফ ওপর ওপর না বদলে যদি আমূল পরিবর্তন আনতে হয়, তবে একটি আপসহীন, খাঁটি সমাজতান্ত্রিক বিপ্লব ছাড়া আর কোনও রাস্তা নেই। দিনের শেষে আসল পরীক্ষা তো একটাই– শোষিত জনতা তাদের মুক্তির জন্য সঠিক বিপ্লবী পার্টিকে চিনতে পেরে তার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে পারছে কি না। সেটাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান শর্ত। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ইত্যাদি দেশগুলির বিদ্রোহ-পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তেই পৌঁছতে হয়।