Breaking News

শিক্ষাক্ষেত্রে আতঙ্কের ছবি

দেশের স্বাধীনতা ৭৯ বছর পার করার পরেও শিক্ষাক্ষেত্রে এ কোন আতঙ্কের ছবি! সংসদে পেশ করা এস্টিমেট কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭৩ জনই উচ্চমাধ্যমিক পাস করার আগে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কেন? এর দায় কার?

১২ বছর ধরে কেন্দ্রে শাসন ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১টি রাজ্যে বিজেপির সরকার। গর্ব করে তাঁরা বলেন, ডবল ইঞ্জিন সরকার। কিন্তু শিক্ষাক্ষেত্রের এই করুণ হাল তো প্রমাণ করছে এ ইঞ্জিন ডবল হোক বা ট্রিপল– ছুটছে আসলে পিছন দিকে। সমস্ত উন্নয়নের মূলে যে বৌদ্ধিক জ্ঞান, তা অর্জন করতে হলে প্রথাগত শিক্ষার বিভিন্ন স্তর অতিক্রম করে যেতে হয়। কিন্তু দেশের তিন-চতুর্থাংশ ছাত্র যদি শিক্ষার মাঝপথেই ছিটকে যায়, ভারতের পশ্চাৎগতি রুখবে কে?

পশ্চিমবঙ্গে সিপিএম-শাসনে স্কুলে ড্রপ আউট কমানোর দোহাই দিয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল? চালু হয়েছিল অবাধ প্রমোশন নীতি। তারপর ২০০৯-এ কেন্দ্রের কংগ্রেস সরকার শিক্ষার অধিকার আইনের নামে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছিল। কেন্দ্রের বিজেপিও এই পথের পথিক। পাশ ফেল বিদায় হল। কিন্তু ড্রপ আউট কমল কি?

ড্রপ আউটের কারণ কী? অনেক কারণের মধ্যে অন্যতম– তীব্র অর্থনৈতিক সংকট। দারিদ্র্যপীড়িত পরিবারগুলিতে রোজগারের দায়িত্ব অল্প বয়সেই কাঁধে এসে পড়ে। আইন যাই থাক, বাস্তবটা অত্যন্ত করুণ। গরিবির সাথে সামাজিক সচেতনতার অভাবেও অল্প বয়সেই একটা অংশের ছাত্রীরা সংসারের যাঁতাকলে আটকে পড়ে। এরই সঙ্গে শিক্ষার পরিকাঠামোর অভাব, শিক্ষকের অভাব, স্কুলের স্বল্পতা, শিক্ষকের পাঠদানে মনোযোগের অভাব–এ সবের পুঞ্জীভূত পরিণাম হল স্কুলছুট। এ ছাড়া শিক্ষায় সরকারি বরাদ্দ খুবই কম। যতটুকু বরাদ্দ হয়, তার সবটা খরচ হয় না। যতটুকু খরচ হয় তা চলে যায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক খাতে। বাস্তবে শিক্ষা ক্ষেত্রে খরচ জোটে সামান্যই। এ দিকে শিক্ষার ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। সরকারের পরিকল্পনায় শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ নীতি, সেল্ফ-ফিনান্সিং কোর্স চালু, শিক্ষাকে ছাত্রদের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে। শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের দায়িত্ব কি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর ছিল না? পুঁজিপতিদের কোটি কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে টাকা বরাদ্দ বাড়িয়ে পুরোপুরি অবৈতনিক করা কি যেত না? এর দায় মোদি সরকার এড়াবে কী করে? সম্প্রতি কেন্দ্রের শিক্ষা বিষয়ক কর্তারা আবার বলেছেন, বিনামূল্যে শিক্ষা আদর্শ মডেল নয়। এই যদি তাঁদের মনের কথা হয়, তা হলে ড্রপ আউট কমবে কী করে!

সমস্যার দ্বিতীয় দিকটি হল, শিক্ষান্তে নেই চাকরির কোনও সংস্থান। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রথাগত শিক্ষা নিয়ে, নানা প্রশিক্ষণ কেন্দ্রের লক্ষ লক্ষ টাকা খরচ করে দক্ষতামূলক শিক্ষা অর্জন করেও যদি চাকরি না হয়, তা হলে? শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার মর্মবস্তুকে ছেঁটে ফেলা চলছে। শিক্ষার একমাত্র লক্ষ্য বানিয়ে তোলা হচ্ছে কর্মসংস্থানকেই। কাজেই কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকলে শিক্ষার প্রতি আকর্ষণ তো কমবেই। আজ কলেজগুলির সিংহভাগ আসন ফাঁকা। ইউনিভার্সিটিগুলি ছাত্রশূন্যতায় ভুগছে। এই পরিস্থিতির দায় কার? এই অর্থনৈতিক মডেল, দেশ পরিচালনার এই মডেল কি সাধারণ মানুষের মঙ্গল করতে পারে? যে অর্থনৈতিক রাজনৈতিক মডেল অবৈতনিক শিক্ষার দায়িত্ব বহন করে না, যে অর্থনৈতিক মডেল শিক্ষান্তে সকলের চাকরির ব্যবস্থা করতে পারে না, সেই অর্থনৈতিক মডেলের প্রতি অনীহা বা অনাস্থা ছাত্র-যুবদের মধ্যে তো বাড়বেই।

এই যে জেন-জি বিক্ষোভ হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে হাজার হাজার ছাত্র রাজ্যে রাজ্যে রাস্তায় বেরিয়ে আসছে– তা কি এমনি এমনি? ক্ষোভের বারুদ তো বুকের ভেতরেই। এই স্বতঃস্ফূর্ত আন্দোলন করতে করতেই জেন-জিদের বিক্ষুব্ধ মন খুঁজবে সমস্যার উৎস কোথায়। সমস্যার উৎস যে বিদ্যমান পুঁজিবাদী আর্থ-রাজনৈতিক ব্যবস্থা, সমস্যার উৎস যে বৈষম্যবাদী শাসন, সমস্যার উৎস যে পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী শাসন– এই যুবকরা আন্দোলনের রক্তভেজা পথ ধরেই তা চিনতে শিখবে। নানা গালমন্দ করে এদের ক্ষোভকে প্রশমিত করা যাবে না। ৭৩ শতাংশ ছাত্র ছাত্রী যে দেশে দ্বাদশের আগে স্কুলছুট হয়ে যায়, সেই দেশের ভবিষ্যৎ কী? স্বাধীনতার ৮০তম বর্ষে জনগণ তা জানতে চাইবেই। দেশপ্রেম নিয়ে আস্ফালন করে বিজেপি। প্রকৃত দেশপ্রেমের প্রমাণ দিতে হলে কেন্দ্রের বিজেপি সরকারকে এমন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, যাতে একজন ছাত্রও স্কুলছুট না হয়।