Breaking News

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও গৃহহীনদের ঘরের দাবিতে দাঁতন-২ বিডিও-তে বিক্ষোভ

গত দু-মাস ধরে দফায় দফায় অতিবৃষ্টি ও নিকাশির অব্যবস্থাজনিত কারণে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দরিদ্র বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ব্যাপক অংশের মানুষও আগে থেকেই গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বিডিও-র কাছে আবেদন জানালেও পূর্বতন ও বর্তমান সরকার ঘরের কোনও ব্যবস্থা করেনি। এর মর্মান্তিক পরিণতিতে এ বারের বন্যায় জাহালদায় এক ব্যক্তি ও তাঁর মেয়ে দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গেছেন।

এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও গৃহহীনদের ঘর এবং মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ঘর দেওয়ার দাবিতে এস ইউ সি আই (সি) ১৯ আগস্ট দাঁতন-২ ব্লকের বিডিওকে ডেপুটেশন দিতে গেলে বিজেপির গুন্ডাবাহিনী মিছিলের উপর আক্রমণ চালায়। প্রতিবাদে ৪ সেপ্টেম্বর উপরোক্ত দাবিগুলি সহ এলাকায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে খাকুড়দা থেকে এক বিশাল মিছিল বিডিও দপ্তরে ডেপুটেশন দেয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য বলরাম দাস, বিষ্ণুপদ মিশ্র, দীপক পাত্র, জাহালদা লোকাল কমিটির সম্পাদক সুভাষ দাস, হরিপুর লোকাল কমিটির সম্পাদক রাকেশ মাইতি, এআইকেকেএমএস-এর ব্লক সম্পাদক সন্তোষ জানা প্রমুখ। বিডিও দাবি পূরণের আশ্বাস দেন।