Breaking News

ছাত্র-যুবদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ

নিট বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি লাঠিচার্জের নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ জুলাই এক বিবৃতিতে বলেন,

নিট পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ কলকাতার রাজপথে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে যে ছাত্র-জনপ্লাবন ঘটল তা এক কথায় অভূতপূর্ব। আমরা আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানাই। পাশাপাশি এত শান্তিপূর্ণ মিছিলের উপর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পুলিশ যেভাবে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ল এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে আহত করল তার আমরা তীব্র নিন্দা জানাই। অন্য দিকে এই আন্দোলন বর্তমানে এ দেশের সচেতন নাগরিকদের আন্দোলনে রূপ পেয়েছে। স্বাভাবিক ভাবেই এই অভূতপূর্ব আন্দোলনকে কালিমালিপ্ত করছে স্বার্থান্বেষী মহল।

আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে এই আন্দোলনকে আরও তীব্রতর করে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। পাশাপাশি পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল ২৫ জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ সভা করারও আহ্বান জানাচ্ছি।