Breaking News

অগ্নিকাণ্ডঃ দলের বিক্ষোভ

নরেন্দ্রপুরঃ নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৫ জনের বেশি শ্রমিকের অকালমৃত্যুর প্রতিবাদে ৩০ জানুয়ারি দলের সোনারপুর, গড়িয়া এবং রাজপুর-হরিনাভি ইউনিটের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন কমরেড মিহির রায়, কমরেড মিনতি মিত্র, কমরেড চয়নিকা হাতি। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।

তমলুকঃ এই অগ্নিকাণ্ডে জেলার তমলুক- ময়না-নন্দকুমার-পাঁশকুড়া-শহিদ মাতঙ্গিনী প্রভৃতি ব্লকের যে শ্রমিকরা ওই দুটি সংস্থায় কাজ করতেন তাদের অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নিহত ব্যক্তির পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং আহতদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ডিএনএ পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে বিষয়টির দ্রুত সমাধান ইত্যাদি দাবিতে ৩০ জানুয়ারি দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন দলের উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, জেলা কমিটির সদস্য প্রবীর প্রধান ও স্বপন বেরা, বিশ্বজিত নায়েক প্রমুখ।