
ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নাম তাদের স্থায়ী ঠিকানার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে পরিকল্পনা ভারতের নির্বাচন কমিশন নিয়েছে, তার তীব্র বিরোধিতা করেছে এআইইউটিইউসি অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা ৭ জুলাই এক বিবৃতিতে বলেন, এর ফলে দেশের কোটি কোটি নাগরিকের ভোটাধিকার বিপন্ন হবে। যদিও বলা হচ্ছে, ভিন রাজ্যে কর্মক্ষেত্রের এলাকার ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে, তবুও বছরে একাধিক রাজ্যে কাজ করা শ্রমিকদের ক্ষেত্রে কী হবে? কারণ আমরা জানি, পরিযায়ী শ্রমিকদের সিংহভাগই চুক্তিভিত্তিক, অনিয়মিত। এক রাজ্যে কয়েক মাস কাজ করার পরে তাঁদের আর এক রাজ্যে যেতে হয় রুজির জন্য। কোনও একটি বিশেষ রাজ্যে স্থায়ী ভাবে কাজের কোনও নিশ্চয়তা না থাকায় এই শ্রমিকদের অধিকাংশকেই বছরে তিন চার রাজ্যে কাজ করতে যেতে হয়। এঁদের নাম কোন রাজ্যের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে? এর ফলে বাস্তবে কোটি কোটি মানুষ হারাবেন তাদের ভোট দেওয়ার বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।
শুধু তাই নয়, এই মানুষদের নাগরিকত্বের অধিকারও প্রশ্নচিহ্নের সামনে পড়বে। নাগরিকদের বে-নাগরিক করারও এ এক অপকৌশল, যা এনআরসি-সিএএ-র মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার করতে চাইছে। এই কুৎসিত ষড়যন্ত্র প্রতিরোধে তীব্র আন্দোলন সংগঠিত করতে আমরা পরিযায়ী শ্রমিক সহ সকল শ্রমজীবী মানুষের কাছে আহ্বান করছি।