Breaking News

শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে বিক্ষোভ এ আই ইউ টি ইউ সি-র

কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় শ্রম সম্মেলন (আইএলসি) না ডেকেই, অর্থাৎ আলোচনার কোনও সুযোগ না দিয়েই ৮ মে শ্রমকোডের রুলস চালুর চূড়ান্ত অগণতান্ত্রিক ও শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে ১১ মে এআইইউটিইউসি-র পক্ষ থেকে কলকাতার এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাদদেশে শ্রমিক বিক্ষোভের কর্মসূচি পালন করা হয়। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস, সহসভাপতি নন্দ পাত্র, শান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও)-এর সর্বসম্মত সিদ্ধান্ত হল, শ্রম আইনের সংশোধন বা পরিবর্তন স্বীকৃত শ্রমিক সংগঠন, মালিক সংগঠন ও সরকারের যৌথ আলোচনার ভিত্তিতে করতে হবে। ভারত আইএলও-র সদস্য হিসেবে এই সিদ্ধান্তের শরিক। দেশে এই ত্রিপাক্ষিক আলোচনার মঞ্চ হিসেবে স্বাধীনতার আগেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি বছর কমপক্ষে একবার ভারতীয় শ্রম সম্মেলন (আইএলসি) অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বীকৃত শ্রমিক সংগঠন, মালিক সংগঠন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং যৌথ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কিন্তু আগের সমস্ত কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত অনুযায়ী আইএলসি ডাকলেও কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫-তে মাত্র একবার দিল্লিতে আইএলসি ডেকেছে। এআইইউটিইউসি সহ অন্যান্য সমস্ত শ্রমিক সংগঠন বারবার দাবি করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার আর কোনও আইএলসি ডাকেনি।

এ দিন এর তীব্র বিরোধিতা করেন কমরেড অশোক দাস। বিক্ষোভ সমাবেশে তিনি দাবি করেন, শ্রম কোডের রুলস চালু করার সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে আইএলসি ডেকে এ বিষয়ে ত্রিপাক্ষিক আলোচনা করার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, আশা করি শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড এই রাজ্যে চালু করার কোনও উদ্যোগ বর্তমান রাজ্য সরকার নেবে না। বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবিতে রাজ্যপাল দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।