শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠান বয়কট বিপিটিএ-র

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, শিক্ষকদের মতামত ছাড়াই শিক্ষানীতি প্রণয়ন এবং আমলাতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা পরিচালনার প্রতিবাদে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে। কলকাতায় কলেজে স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এবং রায়গঞ্জ ও কোচবিহার শহরে অবস্থান বিক্ষোভ করে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করা হয়। কলেজ স্কোয়ারে সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা সহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দিলীপ মাইতি।

আনন্দ হাণ্ডা বলেন, দেশে প্রতিদিন ১৩টি স্কুল বন্ধ হচ্ছে। রাজ্যসভায় পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী গত বছর দেশে ৪,৭৯১টি স্কুল বন্ধ হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ৫৬৮টি। স্কুল বন্ধের কারণ অনুসন্ধান না করে কম ছাত্র যুক্ত স্কুল মার্জ করে দেওয়ার কথা বলা হচ্ছে। ফলে আরও বহু স্কুল অচিরেই বন্ধ হবে। শিক্ষকরা হবেন উদ্বৃত্ত। দীর্ঘ কয়েক দশক পাশফেল নেই, পরিকাঠামো সেই মান্ধাতা আমলের, নিয়মিত শিক্ষক নিয়োগ হয়নি, শ্রেণিভিত্তিক শিক্ষক নেই। দেশে ১,০০৮,৪৩টি স্কুল এক শিক্ষক বিশিষ্ট, রজ্যে প্রাথমিকে ৬,৭৬৯টি। বেশিরভাগ স্কুল চলছে ১-২ জন শিক্ষক দিয়ে। স্বাধীনতার ৮০ বছরেও প্রাথমিকে কোনও শিক্ষাকর্মী নেই। শিক্ষকদের দিয়ে সারা বছর ধরে শিক্ষাদান বহির্ভূত কাজ এমনকি ভোটের কাজ, জনগণনা করানো হচ্ছে। কার্যত শিক্ষকদের শিক্ষাদানের কাজটাই গৌণ হয়ে পড়েছে।

রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেন্দ্রীয় হারে ডিএ কবে পাওয়া যাবে, এখনও তার কোনও কিনারা হয়নি। অন্য দিকে সুপ্রিম কোর্টের রায় মেনে ২০০৯-এর রোপার বকেয়া ২৫ শতাংশ ডিএ সরকারি কর্মচারীদের দেওয়া হলেও শিক্ষক তথা গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের দেওয়া হয়নি।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সহযোগিতায় রাজ্যে ১০০০ বিদ্যাভারতী বিদ্যালয় স্থাপনের নামে আরএসএস পরিচালিত শিক্ষালয় করার ঘোষণা করেছেন। চালু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আর এস এস-এর ভাবাদর্শে শিক্ষা প্রতিষ্ঠান কী উদ্দেশ্যে, প্রশ্ন তোলের তিনি।