জিডিপি-র বৃদ্ধি নাকি বিপুল মানুষের দুর্দশা তবে বাড়ছে কেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হইচই ফেলে দিয়েছেন, কারণ নাকি ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন-২০২৬) বেড়েছে ৭.৮ শতাংশ। একেবারে রেকর্ড পরিমাণ বৃদ্ধি! এই অনুসারে ভারতের অর্থনীতির বহর দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ২৬ হাজার ৮৭১ কোটি টাকা। খবরটা এতটাই ভাল যে, অর্থমন্ত্রক বা পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের বদলে সরাসরি প্রধানমন্ত্রী নিজে এ কথা ঘোষণা করেছেন।

ঘোষণা, তা নিয়ে উৎসব, এ সবের মধ্যেও যে কথাটা না বললে নয়– জিডিপি এত বিপুল হারে বাড়ার মানে দাঁড়ায় দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কাজকর্ম তীব্র গতিতে এগিয়ে চলেছে। তাতে বাড়ার কথা বিনিয়োগ, বাড়ার কথা শিল্প উৎপাদন, কর্মসংস্থান, মানুষের রোজগার। এর কোনটা বেড়েছে?

বাস্তব সরকারি পরিসংখ্যানে জ্বলজ্বল করছে যে তথ্য, তা দেখাচ্ছে এর একটিও বাড়েনি। ফিনান্স, তথ্যপ্রযুক্তি, নির্মাণের মতো কিছু পরিষেবা এবং গাড়ি বিক্রি ও ডিজিটাল লেনদেনের হার কিছুটা বাড়লেও কলকারখানায় উৎপাদনের সূচক নেমেছে ৫২.৮ শতাংশে। বিগত পাঁচ বছরের মধ্যে যা সবচেয়ে কম (আনন্দবাজার পত্রিকা, ৭.০৯.২০২৬)। সারা ভারতেই যুব সমাজ কাজ এবং উপযুক্ত রোজগারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কোটি কোটি মানুষকে সেই ফুটপাথেই পড়ে থাকতে হচ্ছে। আজও দেশের ৮০ কোটি মানুষ রেশনে দেওয়া বিনামূল্যের খাদ্য শস্যের ওপর নির্ভরশীল। এই সময়ে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি তেল, গ্যাসের জোগানে ঘটতি সহ আমেরিকার চড়া শুল্ক এবং আমেরিকা-ইউরোপের চাপানো নানা বিধিনিষেধের ধাক্কা সামলাতে হয়েছে ভারতের অর্থনীতিকে। দেশে নতুন বিদেশি পুঁজি আসার বদলে ভারত থেকে পুঁজি বাইরে পাড়ি দিয়েছে। টাকার মূল্যও ক্রমাগত কমে চলেছে। অথচ কেমন করে বেড়ে গেল আর্থিক বৃদ্ধির হার?

বিজেপি সরকারের প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ অভিযোগ তুলেছেন যে, মোদি সরকার এই বছর ফেব্রুয়ারি মাসে হঠাৎ ভিত্তিবর্ষ পাল্টেদিয়ে এবং ২০২৫-২৬-এর এপ্রিল ত্রৈমাসিকের জিডিপির পরিমাণ ৮৬ লক্ষ কোটি টাকা থেকে কমিয়ে ৮০ লক্ষ কোটি টাকার কাছাকাছি দেখিয়ে এই বছরে জিডিপির বিপুল বৃদ্ধি দেখিয়েছে। দিল্লি স্কুল অফ ইকনমিকস-এর কিছু বিশেষজ্ঞ দেখিয়েছেন, আর্থিক বৃদ্ধি মাপতে গেলে বহু সূচকের তথ্যকে বিচারে নিতে হয়। পণ্য এবং পরিষেবা ক্ষেত্রে উৎপাদনের প্রকৃত হিসাব পেতে গেলে পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধিকে বাদ দিলেই শুধু চলে না, উৎপাদনের জন্য প্রয়োজনীয় মধ্যবর্তী খরচ বা ইনপুট ও প্রকৃত উৎপাদন বা আউটপুটের মধ্যেকার পার্থক্য নির্ধারণে যত্নের সাথে সমস্ত ক্ষেত্রের সূচককে তাদের নিজ নিজ ক্ষেত্রের প্রকৃত তথ্যের ভিত্তিতে মেলাতে হয়। কোন পদ্ধতিতে তা মেলানো হল তা সুস্পষ্টভাবে জানানোটাও আবশ্যিক। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও পদ্ধতির কথাই জানায়নি। ফলে, ভিত্তিবর্ষ পরিবর্তনের সরকারি ব্যাখ্যাকে মেনে নিলেও আর্থিক বৃদ্ধির হিসাবে বিজেপি সরকার যে কারচুপি করেছে, তা কোনও মতে অস্বীকার করা যায় না। তাঁরা দেখিয়েছেন, ভারতের ৯০ শতাংশ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। ম্যানুফ্যাকচারিংয়ের অধিকাংশ উৎপাদনই হয় অনথিভুক্ত ক্ষুদ্র উৎপাদন ইউনিটে, অনেক ক্ষেত্রেই পারিবারিক শ্রমে। জিডিপি পরিমাপ করতে গিয়ে দেশের বিরাট অসংগঠিত ক্ষেত্র থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরিশ্রম সরকার করেনি। জিডিপির প্রথম ত্রৈমাসিকের তথ্য তাই দাঁড়িয়ে আছে সংগঠিত ক্ষেত্র থেকে সংগৃহীত অল্প কিছু নমুনা তথ্যের ওপর। বিপুল সংখ্যার ক্ষুদ্র উৎপাদন ইউনিট এবং অসংগঠিত শ্রমিকদের সংকটকে না দেখে সামান্য কিছু সংগঠিত ও কর্পোরেট শিল্পের তথ্যকেই অসংগঠিত ক্ষেত্রের গড় উৎপাদন বলে দিলে তা উৎপাদন ক্ষেত্রের সঠিক চিত্র হতে পারে না।

এ ছাড়া, কেন্দ্রীয় সরকার জিএসটি-র ফাইলের হিসাব কষে তাকেই উৎপাদনের সূচক হিসাবে দেখিয়েছে, যা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। এর আগেও মানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে সরকার মোট মূল্য উৎপাদনের (গ্রস ভ্যালু অ্যাডেড) তথ্য প্রকৃত উৎপাদিত মূল্যের তুলনায় ৪০ শতাংশ বাড়তি দেখিয়েছে। অসংগঠিত শিল্প এবং তাতে কাজ করা কোটি কোটি শ্রমিকের প্রকৃত পরিস্থিতি বাদ দিয়ে কর্পোরেট কোম্পানির অফিস থেকে উৎপাদনের তথ্য সংগ্রহ করে তা সমস্ত শিল্পের পরিস্থিতি হিসাবে দেখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। (ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, চণ্ডীগড়-এর অধ্যাপক যতিন্দর এস বেদি ও ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, মুম্বাই-এর প্রাক্তন অধ্যাপক আর নাগরাজ লিখিত প্রবন্ধ, ৪ সেপ্টেম্বর, দ্য হিন্দু)

বিশেষজ্ঞরা দেখিয়েছেন, ১৪ আগস্ট অর্থমন্ত্রকের প্রেস রিলিজ অনুযায়ী ২০২৫-২৬-এর প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) পাইকারি মূল্য সূচক ছিল ১০০.৩ এবং ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এই সূচক ১০৯.৮। তাঁরা দেখিয়েছেন, এই মূল্য সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধিকে বাদ দিলে প্রকৃত আর্থিক বৃদ্ধি দাঁড়ায় মাত্র ০.৮৮ শতাংশ।

অবশ্য সরকার যদি জিডিপি বৃদ্ধির সঠিক তথ্যও দিত, তাতেও কি দেশের খেটে খাওয়া মানুষের কিছু লাভ হত? কখনওই নয়। একটা পুঁজিবাদী দেশে আর্থিক বৃদ্ধি বা জিডিপি বৃদ্ধি কখনও সাধারণ মানুষের সম্পদ বৃদ্ধি বোঝায় না। আর্থিক সম্পদের বহর বাড়লে লাভ হয় একচেটিয়া পুঁজির মালিকদের। যত আর্থিক বৃদ্ধি বাড়ে, তত বাড়ে পুঁজিপতিদের সাথে দেশের সাধারণ মানুষের আর্থিক বৈষম্য। তাই নরেন্দ্র মোদিরা যখন ভারতকে কখনও বিশ্বের পঞ্চম কখনও তৃতীয় আর্থিক বহরের দেশ বলেন, তা নিয়ে গর্ব করেন, তাতে জনসাধারণের জীবনের কোনও সুরাহা হয় না।

এ কথা অনস্বীকার্য যে, ভারতের বিপুল জনসংখ্যা ও অফুরন্ত সম্পদের কারণে এ দেশের আর্থিক বহর এমনিতেই বহু দেশের থেকে বেশি। কিন্তু যে কোটি কোটি মানুষ উৎপাদন করেন, সেই শ্রমিক কৃষকের শ্রমের প্রকৃত মূল্য না দিয়ে তা দেশের শাসক পুঁজিপতি শ্রেণি আত্মসাৎ করে। ১৪০ কোটি জনসংখ্যার দেশে ৯৬-৯৭ কোটির মতো কর্মক্ষম মানুষের শ্রমে যে বিপুল উৎপাদন হয় তার জন্য কোনও কৃতিত্বই সরকার কিংবা মালিক পুঁজিপতি শ্রেণি দাবি করতে পারে না। বরং তারা মেহনতি জনগণকে শোষণে নিঃস্ব করে দেয়। মনে রাখা দরকার, ভারতের মাথাপিছু আয় বিশ্বের বহু দেশের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ আর্থিক বৃদ্ধির বহর যা-ই হোক, তা মানুষের কোনও কাজেই আসে না।

কিন্তু এই বৃদ্ধি নিয়েও যে মিথ্যার কারবার ফেঁদেছে বিজেপি তার তুলনা দুনিয়াতে পাওয়া ভার। এই সরকার বেকারত্বের পরিসংখ্যান থেকে উৎপাদন, কিংবা শিক্ষা-স্বাস্থ্য সহ কোনও বিষয়েই প্রকৃত তথ্য দেয় না। মিথ্যার কারবারই তাদের প্রকৃত পরিচয়। নরেন্দ্র মোদি আবার তা প্রমাণ করলেন।