
এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, চূড়ান্ত শ্রমিক বিরোধী, জনবিরোধী ও একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী শ্রমকোড চালু করা এবং ২৯টি শ্রম আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের একতরফা ভয়ানক ফরমানের আমরা তীব্র নিন্দা করছি।
বিহার নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ঠিক পর পরই এই শ্রমকোড চালু করার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের তৎপরতা একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী পদক্ষেপ ছাড়া কিছুই নয়। এর উদ্দেশ্য হচ্ছে শ্রমজীবী জনগণের যতটুকু ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকার এখনও অবশিষ্ট রয়েছে তাকেও একচেটিয়া পুঁজিপতিদের নির্দেশে সম্পূর্ণ রূপে মুছে দেওয়া। শ্রম কোডগুলি অবিলম্বে বাতিল করা এবং ২৯টি শ্রম আইন পুনরায় চালু করার জোরালো দাবি তুলছি আমরা।
শ্রম কোড চালু করার এই প্রচেষ্টা বা ফরমানকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করার সাথে সাথে আমরা দেশের শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী জনগণকে কেন্দ্রীয় সরকারের এই ভয়ানক পদক্ষেপের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি।