
বারুইপুর মহকুমার সূর্যপুরে ১২ বছরের এক স্কূলছাত্রীর মর্মান্তিক গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৬ জুলাই সারা বাংলা প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানান। ৫ জুলাই এক বিবৃতিতে তিনি বলেন, সরকারে বসে মুখ্যমন্ত্রী এই ধরনের ন্যক্কারজনক ঘটনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ দেখা গেল, এ ক্ষেত্রে বিজেপি সরকারের পুলিশ আগের সরকারের মতোই শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের ত্রাতা হয়ে দাঁড়াল। ছাত্রী ধর্ষণ ও খুনের এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দলের উদ্যোগে ৫ জুলাই বিভিন্ন জায়গায় ধিক্কার সভা হয়। ছাত্র, যুব, মহিলা সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস বিক্ষোভ মিছিল করে। তিনি জানান, দলের রাজ্য কমিটির তরফ থেকে ৬ জুলাই বারুইপুর থানায় বিক্ষোভ এবং রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়েছে।