
আনন্দপুর বাইপাসের নাজিরাবাদে ২৬ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,
‘ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৮ জন মৃতের দেহাংশ উদ্ধার ও এখনও পর্যন্ত ২৩ জনের নিখোঁজের ঘটনায় রাজ্যবাসী স্তম্ভিত। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কাই স্পষ্ট হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অবৈধ ব্যবসায়িক স্বার্থে শাসকদল ও প্রশাসনকে ‘খুশি করে’ ধারাবাহিক ভাবে আইন ও নিয়ম লঙ্ঘন করা যায়। জলাভূমি বোজানো, ফায়ার অডিট না করা ও অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না রাখার বেনিয়মগুলি আবারও সামনে আসছে। এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়াচ্ছে। বহু দিন ধরে বেনিয়ম চলার পর যখন এতগুলি অসহায় জীবন শেষ হয়ে গিয়েছে, তখন সরকার ও প্রশাসন নিয়মানুগ এফআইআর, তদন্ত এবং ক্ষতিপূরণের কথা শোনাচ্ছে যা দায় এড়ানোর নিষ্ঠুর প্রহসন ছাড়া কিছু নয়। শহরের সাম্প্রতিক অতীতের ভয়াবহ অগ্নিকাণ্ডগুলিতে যত বার সম্পত্তিহানি ও গণমৃত্যু ঘটেছে, এমনই সরকারি প্রহসনের সাক্ষী আমরা থেকেছি।’
তিনি বলেন, ‘আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় তদন্ত, যারা বেআইনি ভাবে ওই গোডাউন চালাতে দিয়েছে সেই প্রশাসনিক ব্যক্তি সহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার, অসহায় মৃত ও নিখোঁজদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন ভয়াবহ ঘটনা যাতে রাজ্যে না ঘটে তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’