Breaking News

জাতীয় শিক্ষানীতি সর্বনাশা গোল টেবিল বৈঠকে মত শিক্ষাবিদদের

 জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিভিন্ন বিষয়ের সর্বনাশা দিকগুলি নিয়ে গোলটেবিল মত-বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকিপ বিল্ডিংয়ের সভাঘরে।

এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত (দে), ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, আইজার কলকাতার প্রাক্তন অধ্যাপক অমিতাভ দত্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, চেন্নাই আইআইটি-র প্রাক্তন চেয়ার প্রফেসর অধ্যাপক শান্তনু রায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অধ্যাপিকা রূপালী গঙ্গোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম মাইতি, প্রাক্তন অধ্যক্ষ বিশ্বরঞ্জন প্রধান, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ অধ্যাপক মহীদাস ভট্টাচার্য, শিক্ষক বিশ্বজিৎ মিত্র সহ আরও অনেকে। ভাষানীতি, শিক্ষার স্বাধিকার, শিক্ষায় আর্থিক বরাদ্দ, স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, বিজ্ঞান-শিক্ষা, গবেষণা, কারিগরি শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা, পেশাগত শিক্ষা, শিক্ষক শিক্ষণ, অনলাইন শিক্ষা প্রভৃতি একটি করে বিষয়ে একজন করে বক্তা আলোচনা করে দেখান জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার প্রতিটি ক্ষেত্রের আক্রমণ কতটা ভয়াবহ। কোন পরিপ্রেক্ষিতে কেন জাতীয় শিক্ষানীতিকে প্রত্যাখ্যান করে জনগণের শিক্ষানীতি প্রণয়ন করা উচিত এবং কী ভাবে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সেই শিক্ষানীতি প্রণয়ন করছে তার চিত্র তুলে ধরেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর।

সেই বিকল্প শিক্ষানীতির চূড়ান্ত রূপ দিতে আগামী ২৪ জানুয়ারি ২০২৬, বাঙ্গালোর শহরে পিপলস্ পার্লামেন্ট সংগঠিত হতে যাচ্ছে। এই প্রচেষ্টাকে সফল করার জন্য তিনি উপস্থিত আলোচক ও শ্রোতৃমণ্ডলীর কাছে আহ্বান জানান। মত-বিনিময় সভা সঞ্চালনা করেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সম্পাদক ডঃ মৃদুল দাস এবং সভাপতিত্ব করেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী।