অভয়ার ন্যায়বিচারের দাবিতে সিবিআই অভিযান

দীর্ঘ ১৭ মাস পর যখন অভয়ার ন্যায় বিচার না পেয়ে মানুষ ক্ষুব্ধ, হতাশ সেই সময় ‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’-এর পক্ষ থেকে ১৫ জানুয়ারি কলকাতা সিবিআই দপ্তরে ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা যোগদেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরজিকর আন্দোলনের নেতা ডাক্তার অনিকেত মাহাতো। ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন-এর সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বক্তব্য রাখেন। প্রতিনিধি দল সিবিআই-এর ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুযার কাছে স্মারকলিপি দেয় ও তাঁকে প্রশ্ন করে যে, সাপ্লিমেন্টারি চার্জশিট আর কবে পাওয়া যাবে? উনি এর কোনও সদুত্তর দিতে পারেননি। বরং উনি বলেন, কোনও একদিন নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিট বেরোবে। প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, যে ভাবে এই তদন্ত নিয়ে ছেলেখেলা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সিবিআইয়ের মতো সংস্থার উপর আর কোনও ভরসা ও আস্থা থাকতে পারে কি?

সিবিআই কোন চাপের কাছে নতিস্বীকার করছে–এ প্রশ্নও করেন তাঁরা।