Breaking News

মনীষীদের নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন চরম নিন্দনীয়, অন্য বাম দলগুলিকে এস ইউ সি আই (সি)-র চিঠি

মনীষীদের নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তনের প্রতিবাদে সম্মিলিত নাগরিক কনভেনশনের প্রস্তাব দিয়ে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৬ সেপ্টেম্বর বামপন্থী দলগুলির কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে তিনি বলেন, আমরা সকলেই সংবাদমাধ্যমে লক্ষ করলাম, কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রধান প্রধান যে সব রাস্তাগুলি দেশবিদেশের বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে তাঁদের নামাঙ্কিত আছে, রাজ্যের বিজেপি সরকার সেই সব রাস্তার নাম পরিবর্তন করতে চাইছে। এই সব মনীষীরা মানবসভ্যতার অগ্রগতির স্বার্থে নিজেদের কীর্তির মধ্য দিয়েই খ্যাত হয়েছেন, মানুষের শ্রদ্ধা পেয়েছেন। আজ হঠাৎ তাঁদের নাম মুছে ফেলার এই প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং সভ্যতাবিরোধী।

আমরা দৃঢ় ভাবে মনে করি, সরকারি এই অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত নাগরিক প্রতিবাদ হওয়া দরকার। এ জন্য বামপন্থী দলগুলিকেই উদ্যোগ নিতে হবে। আমাদের প্রস্তাব, প্রকাশ্য নাগরিক কনভেনশন করে এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে হবে।

এই উদ্দেশ্যেই বামপন্থী দলগুলির মধ্যে আলোচনার জন্য আমাদের একটি বৈঠকে মিলিত হওয়া দরকার। সে জন্য সকলের সুবিধামতো একটি দিন স্থির করতে হবে। ওই বৈঠকেই আমরা স্থান, সময় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করে নিতে পারব। আপনারা সহমত হলে জানাবেন। কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।