Breaking News

স্কুলে সেমেস্টার বাতিলের দাবিতে মুর্শিদাবাদে ছাত্রদের ডিআই অভিযান

অবৈজ্ঞানিক সেমেস্টার প্রথা, ৮২০৭টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত ও স্কুলে কেন্দ্রীয়বাহিনী রাখার সিদ্ধান্ত বাতিল, অতিরিক্ত ভর্তি ফি ফেরত, শিক্ষক নিয়োগ সহ স্কুল-পরিকাঠামোর উন্নয়ন, পরিবহণে ছাত্রছাত্রীদের কনসেশন সহ নানা দাবিতে এআইডিএসও-র মুর্শিদাবাদ জেলা কমিটির নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা ডিআই দফতর অভিযান করল ১২ মার্চ। তাদের প্রশ্ন, বাড়তি ফি-র বোঝায় জেলার একটি বড় অংশের ছাত্রছাত্রীকে পড়াশোনায় ইতি টানতে বাধ্য করা হল কেন? কেন ছাত্রছাত্রীদের পরিবহণ খরচ কমাবে না সরকার? পরিকাঠামো না থাকা সত্ত্বেও কেন উচ্চমাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু করা হল?

এ দিন কর্মসূচি শুরু হয় বহরমপুর গ্রান্ট হলের সামনে বিক্ষোভসভার মধ্য দিয়ে। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সোহিনী আলম, সুব্রত মণ্ডল, জেলা কোষাধ্যক্ষ আশীষ দাস। এরপর শুরু হয়় ডিআই অফিস অভিমুখে স্লোগান মুখরিত প্রতিবাদ মিছিল।

পুলিশ যখন মিছিল আটকাতে মরিয়া, তখন দীপ্ত সাহসে ভর করে ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে ছাত্ররা। পুলিশের চোখে চোখ রেখে তারা প্রমাণ করে দেয় শিক্ষার অধিকার রক্ষা করতে যে কোনও লড়াইয়ের জন্য তারা প্রস্তুত। ডিআই অফিসে প্রবেশের মুখে বিশাল দ্বিতীয় ব্যারিকেডের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের জেলা সম্পাদক সাবির আলির নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধিদল দাবিপত্র নিয়ে ডেপুটেশনে যায়। সেখান থেকে ফিরে এসে জেলা সম্পাদক সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এআইডিএসও-র আন্দোলনে ছাত্রছাত্রীদের যোগ দেওয়ার আহ্বান জানান।

গণদাবী ৭৮ বর্ষ ৩২ সংখ্যা ২০-২৬ মার্চ ২০২৬