Breaking News

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর কর্তৃপক্ষের হামলা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে সমস্ত ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ১৭ ফেব্রুয়ারি জারি করা এই অগণতান্ত্রিক ফরমানে দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মাসের জন্য সকল ধরনের জনসমাবেশ এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির গেটে এআইডিএসও এবং আরও দুটি বাম ছাত্র সংগঠন সাংবাদিক সম্মেলনের আহ্বান জানিয়েছিল।

ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানাতে ও সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে জড়ো হতেই রক্ষীরা তাদের ঘিরে ফেলে। পোস্টার ছিঁড়ে ফেলা হয়, আয়োজকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সাধারণ ছাত্রদের স্থানটি খালি করার হুমকি দেওয়া হয়। রক্ষীরা সাংবাদিকদের ছবি তোলাতেও বাধা দেয়। রক্ষীরা জোর করে শিক্ষার্থীদের আর্টস ফ্যাকাল্টির গেট থেকে দূরে ঠেলে দিলে সংবাদ সম্মেলনটি বিক্ষোভে পরিণত হয়।

এআইডিএসও-র বিশ্ববিদ্যালয় ইউনিট ইনচার্জ অদ্রিকা বলেন, এই ফরমান কেবল অগণতান্ত্রিকই নয়, শিক্ষার মূলনীতির উপর সরাসরি আক্রমণ। এর লক্ষ্য ক্যাম্পাসে সকল ধরনের বিতর্ক, আলোচনা এবং সুস্থ সংলাপকে স্তব্ধ করে দেওয়া। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক। না হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন জোরদার করবে।