
ঝাড়গ্রাম জেলার বিনপুর গ্রামীণ হাসপাতালের অব্যবস্থা-অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে, চিকিৎসা সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে ৫ মার্চ বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটির নেতৃত্বে বিএমওএইচ-এর কাছে এলাকার শতাধিক নাগরিকের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সভাপতি বটকৃষ্ণ মাইতি, সহ-সভাপতি শিবপ্রসাদ মণ্ডল, অন্যতম সদস্য সৌমেন মাইতি। সভাপতির নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল বিএমওএইচ-এর কাছে ১০ দফার দাবিপত্র তুলে ধরেন। বিএমওএইচ দাবিগুলির যৌক্তিকতা মেনে বেশ কয়েকটি যেমন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় প্রতিদিন পরিষ্কার এবং সংখ্যাবৃদ্ধি, পুষ্টিকর খাবার রোগীদের কাছে পৌঁছানো, হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার করা, স্পেশালিস্ট ডাক্তার আনার দাবি পূরণে সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও ‘ফেয়ার প্রাইস’ ওষুধ দোকানের প্রতিশ্রুতি দেন।