Breaking News

বিজেপি সরকারের কুশাসনের বিরুদ্ধে মধ্যপ্রদেশে বিক্ষোভ

বিজেপি সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, পরিবহণ, খাদ্য সরবরাহ সহ মানুষের বেঁচে থাকার অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে ক্রমাগত বেসরকারি হাতে বেচে দিচ্ছে, মূল্যবৃদ্ধির ধাক্কায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, একের পর এক পরীক্ষায় প্রশ্ণ ফাঁসের ফলে ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে৷ বস্তিবাসী, হকারদের নির্বিচার উচ্ছেদের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা ধ্বংস হচ্ছে৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দুন্তি প্রশাসনের সর্বত্র মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে৷ নানা শহরে বিজেপি পরিচালিত সরকার ও পুরসভা জলের ওপর ট্যাক্স বসাচ্ছে৷ অথচ ইন্দোরের মতো শহরে দূষিত জলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে৷ এর বিরুদ্ধে ১৪ জুলাই মধ্যপ্রদেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল এস ইউ সি আই (সি)৷ রাজ্যের নানা জেলায় ধরনা, মিছিল, বিক্ষোভ সভা ইত্যাদি হয়৷ জেলা কালেক্টরেটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয় সর্বত্র৷

এই সভাগুলিতে শ্রমিক, কৃষক, ছাত্র–যুব, মহিলা, শিক্ষক, অধ্যাপক, অফিস কর্মচারী সহ সমাজের নানা স্তরের মানুষ যোগ দেন৷ ভোপাল, গুনা, গোয়ালিয়র, ইন্দোর, সাগার, দেবাস, জবলপুর জেলায় বিক্ষোভ সমাবেশ ও ধরনায় বহু মানুষ অংশ নেন৷