
নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিট কেলেঙ্কারির তদন্ত ও এনটিএ–কে বাতিল করার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ছাত্রছাত্রীদের যে অবস্থান ও অনশন কর্মসূচি চলছিল, সমস্ত গণতান্ত্রিক রীতিকে দু’পায়ে মাড়িয়ে বিজেপি সরকারের পুলিশ ১৮ জুলাই সকালে গায়ের জোরে তা উঠিয়ে দেয়৷ দমে না গিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২০ জুলাই সংসদ ভবন অভিযানে সামিল হন৷ ছাত্র সংগঠন এআইডিএসও–র সর্বভারতীয় নেতৃবৃন্দ সহ সদস্যরাও এই অভিযানে অংশ নেন৷ এ দিন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর দিল্লি পুলিশ বর্বর লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে৷
পুলিশি বর্বরতার তীব্র নিন্দা করে ২০ জুলাই এআইডিএসও–র সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক বিবৃতিতে বলেন, এই ঘটনা কেন্দ্রের বিজেপি সরকারের কুৎসিত চেহারাটিকে জনসমক্ষে উদঘাটিত করে দিল৷ দেখিয়ে দিল, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের জীবন ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে তাদের সামান্য মাথাব্যথাও নেই৷ বিবৃতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্পূর্ণ বাতিল করা এবং নিট কেলেঙ্কারিতে অভিযুক্তদের চিহ্ণিত করতে বিচারপতিদের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়৷
সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা ও তরুণ সমাজের ভবিষ্যৎ জীবন রক্ষার উদ্দেশ্যে দেশ জুড়ে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে তৃণমূল স্তরে সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান কমরেড প্রহরাজ৷