Breaking News

ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া চলবে না, মিছিলে দাবি তুললেন কর্মীরা

রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট সবচেয়ে বেশি আঘাত হেনেছে মিড ডে মিল কর্মীদের ওপর।

সরকার কলকাতা জেলায় মিড ডে মিল রান্না ও পরিবেশনার দায়িত্ব বেসরকারি সংস্থা ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করেছে। এর ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী কাজ হারানোর আশঙ্কা করছেন। এরই প্রতিবাদে ৩০ জুন প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিয়ালদহ মেট্রো স্টেশনের সামনে মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ সভা ও মিছিল হয়। এঁরা এমন বঞ্চনার শিকার যে সরকার ১২ মাসের পুরো বেতন দেয় না। অবিলম্বে ১২ মাসের বেতন, নূ্যনতম ১৫ হাজার টাকা মজুরি, সরকারি কর্মীর স্বীকৃতি, অবসরকালীন ভাতা, উৎসব-বোনাস সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীর দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের ডাক দেয় এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। কলকাতা ও তার আশে পাশের জেলা থেকে ২ হাজারেরও বেশি কর্মী শিয়ালদহ স্টেশনে সমবেত হন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সংগঠনের সভানেত্রী সুনন্দা পণ্ডার নেতৃত্বে বিক্ষোভ সভা শুরু হয়। বক্তব্য রাখেন যু¢¬ সম্পাদক নীলাঞ্জনা কর, সংগঠক মিনতি মিত্র, স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের সম্পাদক ইসমত আরা খাতুন ও মিড ডে মিল ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।

এরপর মিছিল মৌলালি মোড় অবরোধ করে এবং বেসরকারিকরণের সার্কুলার পোড়ানো হয়। কালা সার্কুলারে অগ্নিসংযোগ করেন যুগ্ম সম্পাদক নীলাঞ্জনা কর। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মনোরমা হালদার এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি রুনা পুরকাইত।