Breaking News

বৈধ নাগরিকদের ভোটার তালিকাভুক্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

নদিয়াঃ অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত করে তাদের নাগরিক অধিকার সুরক্ষিত করার দাবিতে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ প্রস্তুতি কমিটির নেতৃত্বে ৭ জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে সদর মহকুমা দপ্তরে চারটি ব্লক থেকে প্রায় ৫ শতাধিক মানুষ মিছিল করে এসে বিক্ষোভ দেখান। পরে স্মারকলিপি দেওয়া হয়। দপ্তরের সামনে বিক্ষোভ সভায় ১৪ জুলাই কলকাতার মহামিছিলে যোগদানের আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রবীর দে, বিশিষ্ট আইনজীবী মোজাম্মেল হোসেন মণ্ডল, মহিউদ্দিন মণ্ডল, কামালউদ্দিন শেখ, মধুমিতা কুণ্ডু ও সুমিতা বিশ্বাস।

পূর্ব মেদিনীপুরঃ ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারের নাম অবিলম্বে অন্তর্ভুক্তির দাবিতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১নং ব্লকে ৭ জুলাই বিক্ষোভ দেখাল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ভগবানপুর শাখা। এ দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন অজিত ভুঁইয়া, গোপাল চন্দ্র পাত্র, বুদ্ধদেব রায়চৌধুরী প্রমুখ।

ঝাড়গ্রামঃ ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির উদ্যোগে ৮ জুলাই জেলার বিভিন্ন ব্লক থেকে আসা এসআইআর়ে বাদ পড়া বৈধ নাগরিক এবং গণতান্ত্রিক সামাজিক আন্দোলনের কর্মী সহ শতাধিক মানুষের মিছিল শহর পরিক্রমা কর়ে এসডিও অফিসে ডেপুটেশন দেন। তাঁদের দাবি—ভোটাধিকার সহ সমস্ত গণতান্ত্রিক অধিকার ও পরিষেবা সুনিশ্চিত ও সুরক্ষিত করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ট্রাইবুনালের বিচার শেষ করে সমস্ত বৈধ নাগরিকের নাম নথিভুক্ত করতে হবে। এসডিও অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ঝাড়গ্রাম জেলা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির আহ্বায়ক বাপি মির্জা ও তপন সিট। পাঁচ জনের একটি প্রতিনিধিদল এসডিও দফতরে ডেপুটেশন জমা দেন।

চুঁচুড়াঃ এসআইআর-এ বাদ দেওয়া ভোটারদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে, চূড়ান্ত বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রাইবুনালে আপিলভুক্ত নাগরিকদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা চলবে না, সমস্ত বৈধ ভোটারকে অবিলম্বে ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে ইত্যাদি দাবিতে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির হুগলি জেলা শাখার নেতৃত্বে ১০ জুলাই জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখান ভুক্তভোগী মানুষ। পরে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ দিন তোলা ফটক থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছালে সেখানে সভা হয়। বক্তব্য রাখেন সারা বাংলা ভোটাধিকার সুরক্ষা সমিতির সদস্য অজয় বাইন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির হুগলি জেলার যুগ্ম আহ্বায়ক পবন মজুমদার ও ভাস্কর ঘোষ।