Breaking News

এনকাউন্টারঃ বিচারবিভাগীয় তদন্তের দাবি– এস ইউ সি আই (কমিউনিস্ট)

বারুইপুরে বালিকা ধর্ষণ ও খুনে ধৃত প্রভাস মণ্ডলের ‘এনকাউন্টার’ হত্যা প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৮ জুলাই এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় প্রথম ধৃত প্রভাস মণ্ডলের গভীর রাতে ‘এনকাউন্টার’ হত্যা হেফাজত হত্যারই নামান্তর। এটা পুলিশের সার্বিক ব্যর্থতা, না কোনও সত্য গোপন করার অপচেষ্টা তা পরিষ্কার নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি করছি।

এ দিকে খুন-ধর্ষণ থেকে শুরু করে নানা অপরাধ ও গণবিক্ষোভে সরকারের তরফ থেকে একদিকে সাম্প্রদায়িক রঙ লাগানোর অপচেষ্টা হচ্ছে, অন্যদিকে পুলিশ ধৃতদের কখনও হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে যা আইন ও মানবাধিকার বিরোধী। দুর্নীতিগ্রস্ত ও অপরাধীদের আইন অনুযায়ী বিচার ও শাস্তি শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষই চান। কিন্তু শাসক দলের প্রত্যক্ষ মদতে বিরোধী নেতা ও ধৃতদের উপর পুলিশের সামনেই ডিম ছোঁড়া হচ্ছে এবং তা চলছেই। কিন্তু তাতে পুলিশি নিরাপত্তা মিলছে না। সম্প্রতি বারুইপুরের ঘটনায় বিরোধী নেতাদের নামে এফআইআর করা হচ্ছে যা বিরোধী কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বিরোধী আন্দোলনকে ভয় পাচ্ছে বলেই সরকারের এই আচরণ। সরকারের এই সমগ্র পদক্ষেপের আমরা তীব্র বিরোধিতা করছি।