Breaking News

স্মার্ট মিটার বসিয়ে হয়রানির শিকার গ্রাহকরাঃ বিক্ষোভ ত্রিপুরায়

ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবার মান দিন দিন নিচের দিকে নামছে। গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। বার বার সার্ভার ডাউন হওয়ার ফলে গ্রাহকরা রিচার্জ করতে পারছেন না। ফলে এই তীব্র গরমে গ্রাহকরা বিদ্যুৎবিহীন অবস্থায় নাজেহাল হচ্ছেন। বহু পরিবারে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ যন্ত্রণায় ছটফট করছে। অন্য দিকে প্রিপেড স্মার্ট মিটারে বহু ক্ষেত্রে টাকা অনুসারে বিদ্যুতের পরিমাণ (ওয়াট) অনেক কম পাওয়া যাচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ আসছে। পোস্ট পেড স্মার্ট মিটারেও অস্বাভাবিক বিল আসছে। ঠিক সময়ে বিল দিলেও রিবেট পাওয়া যাচ্ছে না। ফলে গ্রাহকরা স্মার্ট মিটার নিয়ে যন্ত্রণায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তা ছাড়া ঘন ঘন পাওয়ার কাট, লোডশেডিং, লো ভোল্টেজের সমস্যা তো আছেই। এ দিকে আগাম ঘোষণা ছাড়াই বিদ্যুৎ মাশুল সহ অস্বাভাবিক হারে ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ ইত্যাদি বাড়ানো হয়েছে। এ সবের প্রতিবাদে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (টিইসিএ)-এর উদ্যোগে ৭ জুলাই বিদ্যুৎ দফতরের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।