Breaking News

শ্রীলঙ্কায় ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টির জাতীয় কনভেনশনে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা বিপুল আলোড়ন সৃষ্টি করেছে

‘শ্রেণিকে শক্তিশালী করতে শ্রেণি দলকে শক্তিশালী করো’ এই আহ্বানে শ্রীলঙ্কার মার্ক্সবাদী দল ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টি (এফএলএসপি)-র চতুর্থ জাতীয় কনভেনশনে এসইউসিআই(সি)-র দুই সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

১ মার্চ শ্রীলঙ্কার বামপন্থী ছাত্র-যুব কর্মী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে যুদ্ধবিরোধী একটি সুসজ্জিত মিছিলের পর কলম্বোর সুগতাদাসা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কনভেনশনের প্রকাশ্য অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড কুমার গুণরত্ন। তিনি দেশ-বিদেশের আমন্ত্রিত বামপন্থী প্রতিনিধিদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্যে, ‘বিপ্লবী গণআন্দোলন গড়ে তোলার অপরিহার্য অংশ হিসেবে জনতার রাজনৈতিক শক্তির জন্ম দেওয়ার লক্ষ্যে জনগণের কমিটি ‘পিপলস কাউন্সিল’ গড়ে তোলার ডাক দেন। বিপ্লবী দলে ‘প্রফেশনাল রেভলিউশনারি’র প্রয়োজনীয়তা এবং দলের নেতা-কর্মী-সমর্থকদের সর্বহারা সংস্কৃতি অর্জনের অপরিহার্য সংগ্রামকে স্মরণ করার কথা বলেন।’

এস ইউ সি আই (সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিনিধি দলের নেতা কমরেড সুভাষ দাশগুপ্ত ভারতবর্ষের সংগ্রামী জনগণ এবং এসইউসিআই(সি)-র পক্ষ থেকে শ্রীলঙ্কার মেহনতি জনগণ ও তাদের অগ্রণী বাহিনী ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান সময় বিশ্ব সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ সভ্যতাকে এক নজিরবিহীন সংকটের সামনে এনে দাঁড় করিয়েছে। আপনাদের মতো আমাদের দেশেও আমাদের দলকে ভারতীয় সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের শিক্ষা তুলে ধরে কমরেড দাশগুপ্ত বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সত্যিকারের বামপন্থী ও কমিউনিস্ট পার্টিগুলির উপরে বিপুল দায়িত্ব এসে পড়েছে। এ দায়িত্ব পালনের উপযুক্ত হয়ে উঠতে হলে, তীব্র আদর্শগত সংগ্রাম দ্বারা কমিউনিস্ট চরিত্র, কমিউনিস্ট সংস্কৃতি এবং কমিউনিস্ট জীবন ধারার ভিত্তিতে বিপ্লবী দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এখন সময়ের আহ্বান। যথার্থ বিপ্লবী দলের নেতা-কর্মীদের সংগ্রাম উপযুক্ত সর্বহারা সাংস্কৃতিক মান অর্জনের সংগ্রামকে এড়িয়ে গিয়ে সম্ভব নয়।

৫ সহস্রাধিক মানুষের বিপুল জমায়েতের মধ্যে দাঁড়িয়ে কমরেড দাশগুপ্ত যখন তুলে ধরেছেন মহান নেতা কমরেড শিবদাস ঘোষের অমূল্য শিক্ষা, ‘শুধু বিপ্লব চাই, এটা কোনও বিপ্লবী চেতনা নয়, সঠিক বিপ্লবী চেতনা হল, সঠিক সর্বহারা শ্রেণি চেতনা, আর সঠিক সর্বহারা শ্রেণি চেতনা হল, সঠিক সর্বহারা পার্টি চেতনা’– সারা স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। গভীর আগ্রহে তাঁরা এস ইউ সি আই (সি) দলের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করছেন। তাঁদের আকাঙিক্ষত বক্তব্যের যেন সন্ধান তাঁরা পাচ্ছেন কমরেড শিবদাস ঘোষের শিক্ষায়। বক্তব্যের শেষে দলের পক্ষ থেকে ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং শ্রীলঙ্কার বিশিষ্ট বামপন্থী নেতা কমরেড কুমার গুণরত্নের হাতে মহান রক্তপতাকা এবং কমরেড শিবদাস ঘোষের ছবি ও উদ্ধ´তি সম্বলিত একটি স্মারক ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়। কমরেড কুমার গুণরত্ন এক হাতে কমরেড শিবদাস ঘোষের ছবি ও উদ্ধ´তি-স্মারক এবং অন্য হাতে কমরেড সুভাষ দাশগুপ্তর সাথে রক্তপতাকা তুলে ধরলে সারা স্টেডিয়াম গভীর আবেগ এবং বিপুল করতালির মধ্য দিয়ে তাঁদের অভিনন্দিত করে।

৩ এবং ৪ মার্চ আন্তর্জাতিক সেমিনারে এস ইউ সি আই (সি)-র বক্তব্য উপস্থিত প্রতিনিধিদের মধ্যে প্রবল আকর্ষণ সৃষ্টি করে। ভারতীয় উপমহাদেশের ভারত, বাংলাদেশ, নেপালের পাশাপাশি ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন বামপন্থী দল ও সংগঠন কনভেনশনে উপস্থিত হয়ে তাদের বক্তব্য রাখেন। জার্মানির এমএলপিডি, তুরস্কের এমএলকেপি, বাংলাদেশের বাসদ (মার্ক্সবাদী), আর্জেন্টিনার রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি, ইতালির লোট্টা কমিউনিস্টা ও শ্রীলঙ্কার নিউ ডেমোক্রেটিক মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি। বাসদ (মার্ক্সবাদী)-র কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড জয়দীপ ভট্টাচার্যের বক্তব্য শ্রোতাদের মনে দাগ কাটে, বিশেষ করে যখন তিনি বলেন যে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা তাঁদের পার্টি গঠনে বিরাট ভূমিকা পালন করেছে।  দক্ষিণ এশিয়ার বামপন্থী রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনভেনশন সিংহলী, তামিল এবং ইংরেজি ভাষায় ‘ইন্টারন্যাশনাল’ গানের মধ্য দিয়ে শেষ হয়।