Breaking News

বার বার ট্রেন ভাড়া বাড়ানো নিন্দনীয় –এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্মীসংখ্যা বৃদ্ধির যুক্তিহীন অজুহাতে ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বার, রেলের সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত– সমস্ত শ্রেণির ভাড়া ২৬ ডিসেম্বর থেকে নির্বিচারে এবং একতরফা ভাবে বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমে ট্রেন ভাড়া বৃদ্ধি যখন রীতিতে পরিণত হয়েছে, যাত্রীদের কাছে তখন ট্রেনসফর দুঃস্বপ্ন হয়েই রয়ে গেছে। দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে, সময় মেনে ট্রেন চলাচল আজ ধূসর অতীত, বগির রক্ষণাবেক্ষণ অবহেলিত, শৌচাগার অস্বাস্থ্যকর, প্ল্যাটফর্ম নোংরা, বিশ্রামাগারগুলি জীর্ণ, সরবরাহ করা খাবারের দাম চড়া অথচ মান ভয়ঙ্কর রকমের খারাপ, যথেচ্ছ দুর্নীতি এবং সর্বোপরি যাত্রী-নিরাপত্তা বিপন্ন। যাত্রীদের প্রয়োজনীয় সুযোগসুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানে মাথা ঘামানোর বদলে এই সরকারের একমাত্র কাজ হয়ে উঠেছে পর্যায়ক্রমে ভাড়া বাড়িয়ে যাত্রীদের আরও বেশি করে নিংড়ে নিয়ে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা। এ বারের এই ভাড়া বৃদ্ধির ফলে সরকারের আয় প্রায় ৬০০ কোটি টাকার মতো বৃদ্ধি পাবে। পাশাপাশি ট্রেনযাত্রীদের দুর্দশা চলতেই থাকবে।

আমরা এই যাত্রীভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা করে প্রতিবাদে সোচ্চার হতে এবং শুধু ট্রেন ভাড়া বৃদ্ধি প্রতিরোধ নয়, ট্রেন সফরের বর্তমান ব্যয়ভার কমানোর পাশাপাশি যাত্রী-নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও উপযুক্ত সুযোগসুবিধা নিশ্চিত করার দাবিতে যাত্রী কমিটি গঠন করে আন্দোলন গড়ে তোলার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি।