
এআইইউটিইউসি, নানা সর্বভারতীয় ফেডারেশন ও অ্যাসোসিয়েশন সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট সফল করার জন্য এআইইউটিইউসি-র সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে শ্রমজীবী জনগণকে অভিনন্দন জানিয়েছেন। শ্রমিকবিরোধী, জনবিরোধী ও একচেটিয়া কারবারিদের স্বার্থবাহী ৪টি কালা শ্রম কোড সম্পূর্ণ বাতিলের দাবিতে ডাকা এই ধর্মঘটের প্রতি সংযুক্ত কিসান সভা এবং বিভিন্ন কৃষক সংগঠনও সর্বাত্মক সমর্থন জানিয়েছে।
এ দিন অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান, ব্যাঙ্ক ইত্যাদি বন্ধ ছিল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দফতরগুলিতে কর্মীদের উপস্থিতি ছিল সামান্য। বেশির ভাগ রাজ্যে সড়ক পরিবহণ স্তব্ধ ও দোকানপাট বন্ধ ছিল। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ও স্কিমকর্মীরাও ব্যাপক সংখ্যায় ধর্মঘটে শামিল হয়েছিলেন। পরীক্ষাকেন্দ্রগুলি ছাড়া অধিকাংশ শিক্ষা-প্রতিষ্ঠানও বন্ধ ছিল এ দিন। গোটা দেশেই ধর্মঘটের প্রতি জনসাধারণের প্রবল ও স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা গেছে। ধর্মঘট ব্যর্থ করার জন্য সরকারি প্রশাসনের বর্বর আচরণের তীব্র নিন্দা করেছে এআইইউটিইউসি-র সর্বভারতীয় কমিটি। বিভিন্ন রাজ্যে ট্রেড ইউনিয়নগুলির বেশ কয়েকজন নেতা সহ গ্রেফতার হওয়া ধর্মঘটীদের অবিলম্বে মুক্তি দাবি করেছে সংগঠন।
শ্রম কোড বাতিল করে শ্রমিকদের বহু কষ্ট ও পরিশ্রমে অর্জিত ২৯টি শ্রম আইন ফিরিয়ে আনার দাবিতে ডাকা এই ধর্মঘট দেশের সাধারণ মানুষ যে ভাবে সমর্থন করেছেন, তাকে মর্যাদা দিয়ে সংগঠনের সর্বভারতীয় কমিটি এই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছে। যতদিন না সরকার নির্মম শ্রম কোডগুলি বাতিল করছে, ততদিন পর্যন্ত শ্রমজীবী জনসাধারণকে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ও তাকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছে এআইইউটিইউসি-র সর্বভারতীয় কমিটি।