Breaking News

এআইডিওয়াইও-র  গৌরবময় ৬০ বছর পূর্তিতে যুব মিছিল ও সমাবেশ

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও) সারা বছরব্যাপী বিভিন্ন যুব আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে তাদের গৌরবময় ৬০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এর সমাপনী অনুষ্ঠান ২৭ জুন কলকাতায় অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। দেশের ২০টি রাজ্য থেকে আগত ২ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কমরেড বাগেওয়াড়ি (সম্পাদক, কর্ণাটক), কমরেড প্রমোদ নামদেব (সম্পাদক, মধ্যপ্রদেশ), কমরেড অঞ্জন মুখার্জী (রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ)। সভায় সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র অফিস সম্পাদক কমরেড বিজয় মল্লিক।

পরে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সর্বভারতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ সিং, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুব্রত গৌড়ী, এআইডিওয়াইও-র সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কুমার। সমাবেশে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর।

বক্তারা সংগঠনের ৬০ বছরের গৌরবময় সংগ্রামের ইতিহাস স্মরণ করে দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান–বেকারত্ব, হকার উচ্ছেদের বিরুদ্ধে, বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে, দুর্নীতি, নারীর প্রতি অপরাধ, মদ ও মাদকাসক্তি, এসআইআর-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অপচেষ্টা এবং বিজেপি ও সংঘ পরিবারের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার জন্য।