Breaking News

আর জি করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জওয়ানঃ শাস্তির দাবিতে ডেপুটেশন

আর জি কর হাসপাতালে অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হতেই আরেকটি ঘটনা সামনে এসেছে। ওখানে সিআইএসএফ জওয়ানদের নিয়োগ করা হয়েছিল মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য। সেই সিআইএসএফের এক জওয়ান জুন মাসের প্রথম দিকে আর জি করে চিকিৎসারত এক রোগীর আত্মীয়াকে ধর্ষণ করে বলে অভিযোগ।

‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’-এর পক্ষ থেকে ২৪ জুন আর জি কর মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট, টালা থানার ওসি এবং সিআইএসএফ-এর কমান্ড্যান্টের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

 সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আর জি করের সুপার গত দু’সপ্তাহ আগের অভিযোগের ভিত্তিতে কোনও প্রশাসনিক পদক্ষেপ নেননি। এমনকি তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, আদৌ দোষী জওয়ানের শাস্তি হবে কি না হাসপাতাল কর্তৃপক্ষ তা-ও জানেন না। হাসপাতালের ভিতরে মহিলারা আগামী দিনে যাতে এই রকম নির্যাতনের শিকার না হন তার জন্য কোনও রকম ব্যবস্থা কর্তৃপক্ষ এখনও গ্রহণ করতে পারেননি।

সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত এবং সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র অবিলম্বে সঠিক বিচারবিভাগীয় তদন্ত করে দোষী জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, আশা করছি আমাদের দাবি মেনে কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং কী পদক্ষেপ নিলেন তা জনসমক্ষে আনবেন।