Breaking News

‘সুন্দরবন বাঁচাও’ কনভেনশন

সুন্দরবনের নদী, নদীবাঁধ, মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে ১৫ নভেম্বর জয়নগরের শান্তি সংঘ লাইব্রেরি হলে অনুষ্ঠিত হল ‘সুন্দরবন বাঁচাও’ কনভেনশন। সুন্দরবনের ক্রমবর্ধমান পরিবেশগত সংকট, নদীভাঙন, দুর্বল নদীবাঁধ, মানুষের জীবিকা ও অস্তিত্বের প্রশ্নে বৃহত্তর জনমত গড়ে তোলা এবং ধারাবাহিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় এই কনভেনশন থেকে।

কনভেনশনে বক্তব্য রাখেন মৎস্যবিজ্ঞানী এম এ হাসান, গবেষক কানাইলাল দাস, ভূতত্ত্ব বিজ্ঞানী ডঃ অদিতি দাস, প্রত্নতত্ত্ববিদ বিশ্বজিৎ সাহু, লেখক গবেষক নীলাঞ্জন মিশ্র, শুধু সুন্দরবন চর্চার সম্পাদক জ্যোতিরিন্দ্র লাহিড়ী, নদী বাঁচাও জীবন বাঁচাও কমিটির মৃন্ময় সেনগুপ্ত, তাপস দাস, কনভেনশনের আহ্বায়ক অজয় বাইন, সুজিত পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুন্দরবনকে শুধু একটি বনাঞ্চল হিসেবে দেখলে চলবে না। এখানকার নদী, মাটি, ম্যানগ্রোভ অরণ্য, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, নদীবাঁধের দুর্বলতা, ভাঙন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত সুন্দরবনের অস্তিত্বকে বিপন্ন করছে। এই সংকট মোকাবিলায় বিজ্ঞানসম্মত পরিকল্পনা, স্থায়ী ও শক্তিশালী নদীবাঁধ নির্মাণ এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি।

তাঁরা বলেন, সুন্দরবনের উন্নয়নের নামে যদি প্রকৃতির সংবেদনশীল ভারসাম্য নষ্ট করে কর্পোরেট পর্যটন ও মুনাফার নতুন ক্ষেত্র তৈরি করা হয়, তাহলে তা সুন্দরবনের মানুষের প্রকৃত উন্নয়ন হবে না। সুন্দরবনের নদী, অরণ্য ও জীববৈচিত্র্যকে রক্ষা করার পাশাপাশি মৎস্যজীবী, মৌয়াল, বাওয়ালি ও দ্বীপাঞ্চলের সাধারণ মানুষের জীবন-জীবিকার অধিকার সুনিশ্চিত করতে হবে। সুন্দরবনকে বাঁচানোর লড়াই আসলে সুন্দরবনের মানুষ ও প্রকৃতিকে বাঁচানোর লড়াই। এই লড়াইকে বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তাঁরা বলেন, সুন্দরবনের সংকট আজ আর শুধু সুন্দরবনের মানুষের সমস্যা নয়, এটি সমগ্র সমাজের উদ্বেগের বিষয়। নদীভাঙন ও বাঁধ ভেঙে মানুষের ঘরবাডি, জমি, জীবিকা বিপন্ন হচ্ছে। অথচ এই সংকটের স্থায়ী সমাধানের পরিবর্তে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুন্দরবনকে বাঁচাতে হলে এখানকার মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দাবিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

কনভেনশন থেকে সুন্দরবন রক্ষার দাবিতে বৃহত্তর গণসংযোগ, জনমত গঠন ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।